যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় দুজন নিহত, আহত ২
রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীতে গতকাল শুক্রবার বাসের চাপায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন রিকশারোহী ইমরান হোসেন ওরফে মানিক (২৫) ও রিকশাচালক কাদের সিকদার (৪৫)। আহত দুজন হলেন রিকশারোহী রুস্তম আলী ও মোটরসাইকেল আরোহী আবু সায়েম দেওয়ান।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ঢাকা অভিমুখী একটি বাস (নোয়াখালী ব-১১-০০০৭) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ কুতুবখালীতে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি একটি রিকশা ও একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাযাত্রী ইমরান ও চালক কাদের রাস্তায় ছিটকে পড়েন। বাসটি ওই দুজনকে চাপা দিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। ঘটনাস্থলেই ইমরান ও কাদের মারা যান। বাসের ধাক্কায় রিকশার অপর যাত্রী রুস্তম ও মোটরসাইকেল আরোহী সায়েম রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ আটক করেছে। আহত দুজনকে প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেওয়া হয়। সায়েমের বাড়ি নারায়ণগঞ্জে বলে জানা গেছে।নিহত ইমরানের বন্ধু সজীব আহমেদ জানান, ইমরান সকালে গাজীপুরে যাওয়ার জন্য চাচাতো ভাই রুস্তমকে সঙ্গে নিয়ে শনির আখড়া থেকে রিকশায় করে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ২০০৫ সালে এসএসসি পাস করা ইমরান জামালপুরে ভগ্নিপতির ব্যবসা দেখাশোনা করতেন। তিনি সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য কাগজপত্র সত্যায়িত করাসহ আনুষঙ্গিক কাজ করতে ঢাকায় এসেছিলেন। তাঁর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার কায়েতপাড়া গ্রামে। ইমরানের দুই বোন রয়েছে।নিহত রিকশাচালক কাদের সিকদারের ছেলে রিয়াজ সিকদার জানান, তাঁর বাবা শনির আখড়ায় ভাড়া বাসায় থাকতেন। তিনি গত বছর বাবাকে রিকশাটি কিনে দেন। তাঁদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।