যাত্রাবাড়ীতে মা, ছেলে ও পুত্রবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে মা সুফিয়া খাতুন, ছেলে মিজানুর রহমান ও পুত্রবধূ বীথি রহমানকে হত্যার ঘটনায় আজ শুক্রবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিজানুর রহমানের ভাতিজা শফিকুর রহমান ওরফে সুমন ও দারোয়ান আকবর হোসেন।গতকাল বৃহস্পতিবার রাতে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মিজানুরের ছেলে আশিকুর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।গতকাল সকালে দুর্বৃত্তরা মিজানুর রহমানের শহীদ ফারুক সড়কের নিজ বাড়িতে ঢুকে তাঁকে, তাঁর মা সুফিয়া খাতুন ও স্ত্রী বিথী রহমানকে গুলি ও জবাই করে হত্যা করে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিন খুনের পর মিজানের দুই ভাই জাহিদুর রহমান ও তৌহিদুর রহমান এবং জাহিদের ছেলে শফিকুর রহমান ও দারোয়ান আকবরকে আটক করা হয়। হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার সন্দেহে শফিকুর ও দারোয়ান আকবর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া শফিকুর ও আকবরকে কাল শনিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।মামলা তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার দেখানো শফিক ও আকবরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মামলা তদন্তের স্বার্থে তা বলা যাবে না।