যাত্রাবাড়ীতে ৩ খুনের ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীতে মিজানুর রহমান ও তাঁর স্ত্রী এবং মাকে খুন করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হীরা মিয়া (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে মুন্সিগঞ্জের রামপাল এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম জানান, হীরা মিয়াকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ তিন খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মিজানুর রহমানের ভাইপো তৌফিকুর রহমান ওরফে সুমন ইতিপূর্বে আদালতে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সুমন আদালতকে বলেছেন, তাঁর চাচা-চাচী ও দাদীকে খুন করতে তিনি নিজে এবং তাঁর সহযোগী দেলোয়ার হোসেন ও হীরা মিয়া সরাসরি অংশ নেন। তাঁরা এ তিনজনকে খুন করতে ছুরি ও আগেয়াস্ত্র ব্যবহার করে। সুমন আরও জানায়, চাচার সম্পত্তি আত্মসাত্ করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। উপকমিশনার আরও জানান, সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।এদিকে এ ঘটনায় সুমনকে গ্রেপ্তারের পরপরই হত্যাকাণ্ডে ব্যবহূত মিজানুরের লাইসেন্স করা রিভলবার ও রক্তমাখা ছুরি এবং কিছু অলংকার ডিবি পুলিশ উদ্ধার করে।দুর্বৃত্তরা গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তার মা সুফিয়া খাতুন (৭৬) ও তাঁর স্ত্রী বীথি রহমান (৪৫) জবাই ও গুলি করে খুন করে।