যাত্রাবাড়ীর ‘সমাজে কোরবানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগবাড়ী ও কলার আড়ত এলাকায় টিকে আছে সমাজ; তারা ধরে রেখেছেন ঐতিহ্যবাহী সমাজে কোরবানির প্রথা; যারা কোরবানি দেন না, তাদের কোরবানির মাংস প্রাপ্তি নিশ্চিত হয় এতেমহল্লার রাস্তায় শামিয়ানা টানিয়ে এক পাশে কিছু মানুষ বসে আছে, আর রাস্তায় বিছানো হোগলায় সারি সারি ভাগ করে রাখা হয়েছে মাংস। একজন বসে নির্দেশনা দিচ্ছেন, ‘ওই ভাগটাতে আরও লাগবে, এ ভাগটা থেকে কিছুটা কমাতে হবে।’ যাত্রাবাড়ী কলার আড়তের সমাজে কোরবানির মাংস এভাবেই ভাগ হচ্ছিল। যাত্রাবাড়ীতে আছে বেশ কয়েকটি সমাজ। এখানে কোরবানির মাংস সমাজের মাধ্যমে ধনী-গরিব সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়।পুরোনো ঢাকায় একসময় বেশ কিছু সামাজিক প্রথা ছিল। এর অধিকাংশই এখন আর দেখা যায় না। তবে কিছু প্রথা এখনো চালু আছে। এর মধ্যে একটি হচ্ছে ‘সমাজে কোরবানি’ প্রথা। ঐতিহ্যবাহী এ নিয়ম অনুসরণ করে এবারও যাত্রাবাড়ীর বাগবাড়ী ও কলার আড়ত এলাকায় কোরবানি দেওয়া হয়েছে। কলার আড়তের বাসিন্দা মজিদ মাতব্বর বলেন, ‘দেড় শ বছর ধরে চলছে আমাদের সমাজ-প্রথা। বাপ-দাদারা প্রথা ধরে রেখেছেন। আমরাও চেষ্টা করছি। কোরবানি একটি পবিত্র বিষয়। তাই সমাজে যারা কোরবানি দিয়েছে এবং যারা দিতে পারেনি, সবাই যাতে মাংস পায়, এর জন্য কোরবানি নিয়ে আছে সমাজ-প্রথা।’মজিদ জানান, সমাজের সদস্যরা নিজের পশু কোরবানি করে প্রথমে সেই মাংস তিন ভাগ করে। এর থেকে এক ভাগ নিজেদের জন্য রাখে, এক ভাগ গরিবদের বিলিয়ে দেয়, আরেক ভাগ দিয়ে দেয় সমাজে। সমাজে যারা কোরবানি দিয়েছে, তাদের মাংসগুলো একসঙ্গে মেশানো হয়। বিশাল শামিয়ানা টানিয়ে নিচে হোগলা বিছিয়ে সমাজে যতজন সদস্য, মাংস তত ভাগ করা হয়। সমাজে কোরবানি দেওয়া না-দেওয়া সব সদস্য মাংস পায় সমান ভাগে। সমাজের গণ্যমান্য লোকজন বসে মাংস ভাগের তদারকি করেন। সমাজের যুবক-শিশুরাও সারা দিন মাংস ভাগাভাগির কাজে মেতে থাকে। ভাগ শেষে ওই মাংস সব সদস্যের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।যাত্রাবাড়ী কলার আড়তের সমাজের সদস্যসংখ্যা ৬২। তাদের মধ্যে এবার গরু কিনেছিল ২২ জন। এর মধ্যে ২২ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা দামের গরুও ছিল। স্থানীয় তরুণ রকিবুল হাসান বলেন, ‘সমাজে কে কত বড় গরু কিনলেন, সেটা বড় কথা নয়। সবার গরুর মাংস একসঙ্গে করে খাওয়া হচ্ছে। যারা কোরবানি দিতে পারছে না, আবার কারও কাছে চাইতেও পারছে না, তাদের ঘরেও মাংস পৌঁছে যাচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার।’ বিভিন্ন বাড়ি থেকে মাংস আসতে আসতে শামিয়ানার নিচে পেতে রাখা হোগলা একসময় ভরে যায়। কোরবানি দিয়েছে, এমন সব সদস্যের মাংস আসতে আসতে দুপুর গড়িয়ে যায়। তারপর সব মাংস একসঙ্গে মিশিয়ে ভাগ করতে করতে বিকেল হয়ে যায়। এসব দেখারও একটা মজা আছে বলে জানান রকিবুল। যাত্রাবাড়ীর বাগবাড়ী সমাজের সদস্যসংখ্যা ১৭০। এবার গরু কোরবানি দেওয়া হয়েছে ২৬টি। সমাজের সদস্য আবদুল মালেক বলেন, ‘সমাজে কোরবানি অনেক পুরোনো প্রথা। ধনী-গরিব সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি, এটাই বড় কথা।’নাগরিক জীবনে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কেউ কারও বিপদে এগিয়ে আসতে চায় না। তাই সমাজে কোরবানির প্রথা একজনের প্রতি আরেকজনের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। সেই চেতনা থেকেই প্রথা ধরে রাখতে চায় যাত্রাবাড়ীর বিভিন্ন সমাজের সদস্যরা।