পারিবারিকভাবে কীর্তন গাইতাম ছোটবেলায়। ছিল নাচার অভ্যাস। অভিনয় করার ইচ্ছেও ছিল মনে। তখন অভিনয় কী জানতাম না। জানতাম কেবল সুচিত্রা সেন। তাঁর ছবি দেখেছি। নিজেকে তখন সুচিত্রা সেন ভাবতে শুরু করি। তাঁর মতো শাড়ি পরা, তাঁর মতো কোমরে শাড়ির কোণ গুঁজে দেওয়া, তাঁর ব্লাউজের মতো হাতা বানানো। মনে হতো সুচিত্রা সেন হতে পারলেই বুঝি জীবন সার্থক। কিন্তু সুচিত্রা সেন কীভাবে হওয়া যায়, তার কোনো পথই আমার জানা ছিল না।জন্ম আমার সিরাজগঞ্জে। বাবার নাম গণেশ সূত্রধর, মায়ের নাম এলোকেশী সূত্রধর। তাঁদের আগ্রহেই গানের চর্চা করতাম।আমাদের এলাকা তখন যাত্রাগানের জন্য বিখ্যাত। নারায়ণচন্দ্র দত্ত ১৯৪৪ সাল থেকে যাত্রাদল পরিচালনা করতেন বাসন্তী অপেরা নামে। সারা দেশে নামডাক ছিল ওই দলের। একসময় তিনি দল করা ছেড়ে দিলেন। কিন্তু তাতে ওই এলাকার যাত্রাগান বন্ধ হয়নি। শখের যাত্রা হতো বিভিন্ন গ্রামে। আমিও শখের যাত্রাদলে গান গেয়েছি, নেচেছি, দু-একটা চরিত্রে অভিনয়ও করেছি।১৯৫৯ সালে আমাদের গ্রামে বাবুল অপেরা আসে গান গাইতে। আমরা যাত্রা দেখতে যাই। সিরাজদৌলা পালা দেখি। যাত্রায় এলাকা সরগরম হয়ে ওঠে। নারায়ণবাবু আবার সক্রিয় হয়ে ওঠেন। বাসন্তী অপেরা আবার চালু করেন। বিরাট পোস্টার ছাপালেন ‘মেয়ে-পুরুষ সম্মিলিত যাত্রাদল’। এর আগে ছেলেরাই মেয়েদের অভিনয় করত। কেবল বাবুল অপেরায় মঞ্জুশ্রী মুখার্জি এসেছেন চট্টগ্রামের বাবুল থিয়েটার থেকে। মঞ্জুশ্রীদির বাড়ি মাদারীপুরে। কিন্তু তাঁরা চট্টগ্রামেই থাকতেন। তাঁর বাবা খুব বড় যন্ত্রশিল্পী ছিলেন।তো নারায়ণবাবু এসে বাবাকে ধরলেন, ‘আপনার মেয়ে তো নাচতে-গাইতে জানে। আমাকে দিন, আমার দলে ওকে নিতে চাই।’ আমি বাসন্তী অপেরায় যোগ দিলাম। ওই দলে ডিরেক্টর হিসেবে যোগ দিলেন অমলেন্দু বিশ্বাস। তিনি চট্টগ্রামে কমলা থিয়েটার ও বাবুল থিয়েটার থেকে বাবুল অপেরার মাধ্যমে যাত্রাজগতে প্রবেশ করেন। এরপর তিনি আসেন বাসন্তী অপেরায়। ওই দলে তখন মঞ্জুশ্রী বিশ্বাস এবং পাবনার অনিল ঘোষ আছেন। আমি সখিনৃত্য করব, এই ভেবেই দলে ঢুকি। কিন্তু একদিন ডিরেক্টর অমলেন্দু বিশ্বাস ডেকে বললেন, ‘এই মেয়ে, তুমি অভিনয় করবে।’ আমি তো ভয়ে আড়ষ্ট হয়ে পড়ি। অত বড় নামকরা ডিরেক্টরের সামনে কথা বলতেই ভয় পাই। মঞ্চে গিয়ে অভিনয় করব কীভাবে? এই ভেবে আমার অন্তরাত্মা শুকিয়ে যায়! কিন্তু তিনি সাহস দিলেন। তখন সাহজাদপুরে আমাদের প্যান্ডেল। তিনি ডেকে আমাকে ভাওয়াল সন্ন্যাসী পালায় আশ্রমদুহিতা রত্নাবলীর ভূমিকায় নির্বাচন করেন। দুটি গান ছিল আমার কণ্ঠে। ওস্তাদ যতীন্দ্রমোহন সাহা ছিলেন দলের গানের মাস্টার। তিনি আমাকে গান দুটি শিখিয়ে দিলেন। এমন কোনো যন্ত্র নেই, যা তিনি বাজাতে পারতেন না। খুব গুণী লোক ছিলেন। এমনভাবে গান শেখাতেন যে আমরা সহজেই তুলে নিতে পারতাম। সেই সময়ের প্রখ্যাত শিল্পী বাঁশরী লাহিড়ী তাঁর ছাত্রী ছিলেন। তিনি এ নিয়ে খুব গর্ব করতেন। এই বাঁশরী লাহিড়ীর ছেলে বাপ্পী লাহিড়ীও খুব নামী শিল্পী হন। যতীন সাহার বন্ধু ছিলেন বারীন মজুমদার। বারীন মজুমদার তাঁকে বড় শিল্পী হিসেবে মান্য করতেন। বারীন মজুমদার ঢাকা এসে তাঁর প্রতিভার সবটুকু উজাড় করে দিলেন। দেশ তাঁকে বরণ করল। কিন্তু ওস্তাদ যতীন সাহা সংগীতজ্ঞ হয়েও সবার কাছে সেই জ্ঞান বিতরণ করতে পারলেন না। আমরা যাত্রার মানুষ এখনো ওস্তাদ যতীন সাহার সংগীত প্রতিভাকে সম্মান করি। তাঁর শেখানো গানের জোরে বুঝি মোটামুটি উতরে গেল। সেই শুরু।একসময় সেই নামকরা ডিরেক্টর অমলেন্দু বিশ্বাস তো আমার জীবনসঙ্গীই হয়ে ওঠেন!আমার সঙ্গে আরেকটি মেয়ে অভিনয়জগতে আসেন—নারায়ণচন্দ্র দত্তের মেয়ে দুলু দত্ত। তখন ব্রাহ্মণবাড়িয়ার সূর্য দত্ত ও তাঁর তিন মেয়ে মায়া দত্ত, ছায়া দত্ত ও জ্যোৎস্না দত্তেরও খুব নামডাক ছিল।সিরাজদৌলায় নায়িকা চরিত্রে ছিলেন শান্তি দেবী। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। বিকেলে সিদ্ধান্ত হলো, আমাকে ওই চরিত্র করতে হবে। বিশ্বাসবাবুর নির্দেশনায় আমি একবেলা রিহার্সেল করে ওই পরীক্ষায়ও উতরে গেলাম।অনেক দলে অভিনয় করেছি। বাসন্তী অপেরা ছাড়াও বাণীশ্রী, গীতশ্রী, নিউ বাবুল, বুলবুল অপেরায় কাজ করেছি। একসময় এসে গঠন করি চারণিক নাট্যগোষ্ঠী। এটি চারণিক অপেরা, চারণিক সম্প্রদায় নামেও পরিচিতি লাভ করে। বিভিন্ন সময় আমার বিপরীতে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে অমলেন্দু বিশ্বাস ছাড়াও অমূল্য দত্ত, পরিমল সাহা, চিত্তরঞ্জন পাল, শ্যামল মজুমদার প্রমুখ নায়কের কথা মনে পড়ছে।অমলেন্দু বিশ্বাসের সঙ্গেই বেশি অভিনয় করেছি জুটি বেঁধে। ভাওয়াল সন্ন্যাসী পালায় তিনি ছন্দক আমি রত্নাবলী, সিরাজদৌলা পালায় তিনি সিরাজ আমি লুত্ফা কিংবা আলেয়া, মহামতি লেনিন পালায় তিনি লেনিন আমি সাশা পাবলোভা, হিটলার পালায় তিনি হিটলার আমি মারিয়া, মাইকেল মধুসূদন পালায় তিনি মাইকেল আমি দেবকী কিংবা হেনরিয়েটা, সম্রাট জাহান্দার শাহ পালায় তিনি জাহান্দার আমি লালকুমারী, একটি পয়সা পালায় তিনি দিবাকর আমি শর্বরী, পাঁচ পয়সার পৃথিবী পালায় তিনি অঞ্জন আমি আইভি, জানোয়ার পালায় তিনি অরণ্য সেন আমি ঈশিতা, লোহার জাল পালায় তিনি প্রদীপ আমি তাটিনী। কত যে সুখের দিন ছিল তখন!একবার একটা মজার ঘটনা ঘটে। লোহার জাল পালায় আমি তটিনী চরিত্রে অভিনয় করছি। নায়ক প্রদীপের আমি সত্মা। অমলেন্দু হলো প্রদীপ। মানে আমরা মা ও ছেলে। আমি মঞ্চে উঠে বলছি, ‘তুমি কেমন ছেলে রে বাবা! সত্মা হলেই যে রাক্ষুসী হয়, এমন কথা কে বলেছে শুনি?’ এমন সময় প্রদীপ মঞ্চে এসে বলে, ‘তুমি আমার মা?’এই সময় এক ভদ্রলোক দর্শক সারি থেকে মঞ্চের ওপর উঠে একেবারে রেগেমেগে বলছেন, ‘আরে মশাই, আপনারা কী শুরু করলেন? নিজের বউকে মা বলে ডাকছেন! আপনার লজ্জা-শরম কিছু নাই নাকি?’ বিশ্বাসবাবু বোঝানোর চেষ্টা করছেন, ‘এটা সত্যি নয়, অভিনয়। মঞ্চে এ রকম বলা যায়।’ কিন্তু কে শোনে কার কথা? অনেক কষ্টে ওই ভদ্রলোককে নিবৃত্ত করে তবেই আমাদের পরের দৃশ্যে যেতে হলো।আরেক দিন মমতাময়ী মা পালায় আমার অভিনয় দেখে আসরজুড়ে কান্নার রোল পড়ে যায়। আমি গ্রিনরুমে এসে পোশাক বদল করে বসে আছি। একজন লোক এসে আমার চরিত্রের নাম ধরে খুঁজছেন। তিনি নাকি আমাকে পুরস্কার দেবেন। আমি এগিয়ে বলাম, ‘এই যে আমি।’ তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। পরের দৃশ্যে যখন মঞ্চে গেছি, তখন বুঝতে পারলেন যে এই আমি আর সেই আমি একই। তখন মঞ্চে এসে আমাকে ১০০ টাকার একটি নোট উপহার দেন তিনি। সেটি আমার কাছে অনেক বড় উপহার।১৯৭৭ সালে উত্তরবঙ্গের পাটগ্রাম কলেজ মাঠে এক সপ্তাহ ধরে অভিনয় করছি। একেক দিন একেক চরিত্রে। কলেজ কমিটি ও গ্রামবাসী মিলে আমাকে সংবর্ধনা দিয়ে ‘যাত্রাসম্রাজ্ঞী’ উপাধি দেয়। এ রকম আরও অনেক পুরস্কার পেয়েছি। একবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে অভিনয় করছি। তখন আমাদের দলের জয়জয়কার সারা দেশে। কপোতাক্ষ নদের পাড়ে প্যান্ডেল। একদিন অভিনয়ের পর এলাকায় এত সুনাম ছড়ায় যে পরের দিন মানুষ ছুটে আসে। টিকিট শেষ হয়ে গেলেও মানুষের সারি শেষ হয় না। প্যান্ডেল প্রায় ভেঙে পড়ার উপক্রম। সে কী অবস্থা! মানুষের এত আগ্রহ খুব কমই দেখেছি। শেষে প্যান্ডেল এক রকম খুলে দিতে হয়।ভালোবাসার বিপরীতে মানুষের কাছ থেকে লাঞ্ছনাও কম পাইনি। সে কথা বলছি না আর।একটা অন্য রকম ঘটনা বলি। আমাদের দেশে যেসব পালা মঞ্চস্থ হয়, তার প্রায় সবই পশ্চিমবঙ্গের পালাকারদের লেখা। এ দেশে মৌলিক পালা লেখার লোক তেমন নেই। বিশ্বাসবাবু ও আমি এ দেশের খ্যাতিমান নাট্যকারদের অনুরোধ করলাম পালা লিখে দেওয়ার জন্য। অনেকেই প্রতিশ্রুতি দিলেন। কিন্তু পাণ্ডুলিপি পেলাম দুজনের কাছ থেকে। নরেনদা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরেন বিশ্বাস ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের যাত্রারূপ করে দিলেন। আর মামুনুর রশীদ তাঁর নাটক এখানে নোঙর নাটকের যাত্রারূপ করে দিলেন। আমরা প্রথম বছর মামুনুর রশীদের এখানে নোঙর যাত্রাপালা মঞ্চায়নের আয়োজন করলাম। মামুন ভাই তখন বিশ্বাসবাবুর সঙ্গে দীর্ঘদিন আলাপ করে, যাত্রা দেখে তাঁর নাটকের রূপান্তর ঘটালেন। আমাদের সঙ্গে মানিকগঞ্জে জোবরা গ্রামেও গেছেন একাধিকবার। এসব অভিজ্ঞতা নিয়ে ওই পালা রচনা করলেন। আমরাও আনন্দিত, দেশের একজন খ্যাতিমান নাট্যকারের লেখা পালা আমাদের দলে প্রথম মঞ্চায়ন করেছি। আমাদের দলে লেনিন, হিটলার, মাইকেল, জানোয়ারসহ প্রভৃতি পালা মঞ্চায়ন করে ইতিহাস সৃষ্টি করেছি। এবার মামুনুর রশীদের এখানে নোঙর করে নতুন ইতিহাস করব। অনেক উত্তেজনা আর প্রত্যাশা নিয়ে মঞ্চে উঠেছি। দুটো দৃশ্য হয়ে গেছে। কোনো সাড়াশব্দ নেই। কেমন যেন মনে হচ্ছে। হঠাৎ কয়েকজন দর্শক উঠে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে একজন নিজেকে এলাকার চেয়ারম্যান পরিচয় দিয়ে মঞ্চে উঠে এসে বললেন, ‘ভাই, আপনারা এই নাটক বন্ধ করুন। আমরা যাত্রা শুনতে আসছি। যাত্রা শোনান।’ যতই তাঁদের বোঝানো হচ্ছে, এটি দেশের একজন বড় নাট্যকারের লেখা যাত্রাপালা, তাঁরা কিছুতেই শুনতে চাইছেন না। তাঁদের বক্তব্য, ‘টিকিট কেটেছি যাত্রা দেখার জন্য, নাটক দেখতে চাই না।’ কী আর করা, এখানে নোঙর পালার মঞ্চায়ন ওখানেই শেষ। ওই রাতেই শুরু হলো আরেক পালা অচল পয়সা। দর্শকেরা শান্ত হয়ে যাত্রা দেখল। নাটক থেকে যাত্রা যে আলাদা, তা সেদিন সাধারণ দর্শক বুঝিয়ে দিল।বহুদিন তো হলো, যাত্রার সঙ্গে আমার ঘর-সংসার। আমার স্বামী এ দেশের শ্রেষ্ঠ যাত্রাব্যক্তিত্ব। দেশের মানুষ তাঁকে নটসম্রাট আখ্যা দিয়েছেন। রাষ্ট্র তাঁকে ‘একুশে পদক’ দিয়ে সম্মান জানিয়েছে। আমাকে লোকে ‘যাত্রাসম্রাজ্ঞী’ বলে ডাকে। আমার মেয়ে অরুণা বিশ্বাসকে সবাই চেনে। আমার ছেলে মিঠু বিশ্বাস নাটক পরিচালনা করছে। আমি লিখেছি যাত্রাওয়ালা নামের একটি ধারাবাহিক নাটক। মঞ্চের জন্যও লিখেছি যাত্রাপালা রক্তস্নাত একাত্তর। গঠন করেছি অমলেন্দু বিশ্বাস কল্যাণ ট্রাস্ট। যাত্রায় যাঁরা বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন তাঁদের আমরা সম্মান জানাতে চাই। চাই অমলেন্দু বিশ্বাসের জীবনী রচিত হোক। যাত্রার জন্য একটা জাদুঘর করতে চাই। যাত্রার দুস্থ শিল্পীদের সহায়তার জন্য ফান্ড গঠন করতে চাই। যাত্রার ঐতিহ্য নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করি।যাত্রাকে পুনরুজ্জীবিত করার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে। একটা কমিটির মাধ্যমে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কমিটিতে আমরা যারা আছি, আমরা একটা প্রস্তাব দিয়েছি সংস্কৃতি মন্ত্রণালয়ে। সেটির বাস্তবায়ন হলে যাত্রার দুর্দশা কিছুটা ঘুচতে পারে। আমরা যাত্রার জন্য প্রতি রাতের অনুমতি নেওয়ার প্রথা বাতিলের কথা বলেছি। অশ্লীল নৃত্যের জন্য যাত্রাশিল্পীদের দায়ী করা হয়। কিন্তু এটি যে আয়োজকদের চাপে করতে হয়, সে খোঁজ কেউ নেয় না। এ কারণে গোটা যাত্রাসমাজের প্রতি দোষারোপ করা হচ্ছে। এ বছর প্রায় ৪০টি দল মাঠে ছিল। আমিও চারণিক অপেরা নিয়ে সিরাজগঞ্জ গিয়েছিলাম। আমি আগেই জানিয়েছি যে আমার দলে কোনো নাচের মেয়ে নেই। আয়োজকেরা তাতেই রাজি হয়েছে। বলেছে, ‘দিদি, আমরা আপনার অভিনয় দেখতে চাই।’ প্রথম রাত ভালোই গেল। দ্বিতীয় রাতে আয়োজকদের সুর পাল্টে গেল। বলে, ‘দিদি, দর্শকেরা চাইছে। দু-তিনটা নাচের মেয়ে যদি আনা যেত, তাহলে ভালো হতো।’ আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। দল নিয়ে ফিরে এসেছি। কিন্তু যাত্রা যাঁদের জীবিকা, তাঁরা তো প্যান্ডেল ফেলে চলে আসতে পারে না। আপস করেই তাঁদের গান গাইতে হয়।সেই ১৯৫৭ সাল থেকে প্রায় ৪৫ বছর ধরে যাত্রায় আছি সক্রিয়ভাবে। বছরে ছয় মাস যাত্রার ঋতু। প্রতি মাসে ২০ রাত হিসেবে প্রায় সাড়ে পাঁচ হাজার রাত যাত্রামঞ্চে কাটিয়েছি। অথচ এই শিল্পের এখন দুর্দশা। এই দুর্দশা এখনো কাটাতে পারছি না। যত দিন বাঁচি, যাত্রা নিয়েই বাঁচতে চাই। আমি আজ যে জ্যোৎস্না বিশ্বাস, যাত্রামঞ্চই তাঁকে তৈরি করেছে। আমি যাত্রার জন্য আরও কিছু করে যেতে চাই।অনুলিখন: তপন বাগচী