যাত্রামঞ্চের বাতি জ্বলে উঠবে আবার
‘দেশের লোকনাট্য যদি যাত্রাপালা, দেশের সংস্কৃতি যদি যাত্রাপালা/ সেই যাত্রা কেন বন্ধ বারবার/ ওগো নগরবাসী কী জবাব দেবে তোমরা তার?’ গানের সুরে এই প্রশ্ন রেখে শুরু হয়েছিল আমি অমলেন্দু বিশ্বাস যাত্রাপালার অভিনয়।গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ আয়োজন করেছিল অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান। এর দ্বিতীয় পর্বে ছিল দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের ক্ষণজন্মা প্রতিভা অমলেন্দু বিশ্বাসের জীবনভিত্তিক এই যাত্রাভিনয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার। সাংবাদিক গোলাম সারওয়ার, আহমদ জামান চৌধুরী, নাট্যজন আতাউর রহমান ও যাত্রাদল অধিকারী নারায়ণ দত্তকে (মরণোত্তর) এ বছর অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া।যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ অমলেন্দু বিশ্বাসের স্মৃতিরক্ষা এবং এ শিল্পের বিকাশে যাঁরা সাহায্য-সহায়তা দিয়েছেন, তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০০৩ সাল থেকে নিয়মিতভাবে এই পদক প্রদান করে আসছে। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, অমলেন্দু বিশ্বাস তাঁর যুগোপযোগী ও জীবনঘনিষ্ঠ চিন্তা-চেতনায় নাগরিক সমাজে যাত্রাশিল্পের নবতর উত্তরণ ঘটিয়েছিলেন। তাঁর অসাধারণ অভিনয় সৃজনশীল ও শৈল্পিক ভাবনায় উদ্ভাসিত মাইকেল মধুসূদন, লেনিন, হিটলার, জানোয়ার—এসব নাটক আমাদের যাত্রাশিল্পের মাইলফলক হয়ে আছে। সারা জীবন নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি যাত্রাশিল্পকে এগিয়ে নিতে অসামান্য শ্রম ও মেধার প্রয়োগ করেছেন। এর স্বীকৃতি হিসেবে একুশে পদকে ভূষিত হয়েছেন।পদক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যাত্রা আমাদের গ্রামীণ জনজীবনের প্রধান বিনোদনের মাধ্যম। যাত্রাশিল্পীরা যেন অবাধে দেশের যেকোনো স্থানে অভিনয় করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের। নিরাপত্তার অজুহাতে যাত্রাভিনয়ের আগাম অনুমতি নেওয়ার নিয়ম পরিবর্তন হওয়া প্রয়োজন। তাঁরা দ্রুত এ ব্যাপারে নীতিমালা প্রণয়নের মাধ্যমে যাত্রাভিনয়ের জন্য আগাম অনুমতি নেওয়ার নিয়ম বাতিলের দাবি করেন। দ্বিতীয় পর্বে ছিল যাত্রাভিনয়। অমলেন্দু বিশ্বাসের জীবনভিত্তিক এই একক অভিনয়ের যাত্রাপালার রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন মিলন কান্তি দে। অভিনয় শুরু হয়েছিল যাত্রাপালা বন্ধ করার সরকারি নির্দেশের প্রতিবাদের যাত্রাশিল্পীদের প্রতিবাদী সমাবেশ দিয়ে। সেখানে অমলেন্দু বিশ্বাসের নেতৃত্বে যাত্রাশিল্পীরা সমবেত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সামনে। অমলেন্দু তাঁদের সাহস জুগিয়ে বক্তব্য দিচ্ছেন ‘আবার একদিন যাত্রামঞ্চের নিভে যাওয়া আলো জ্বলে উঠবে। আলোকিত হয়ে উঠবে শিল্পীদের জীবন, বাংলার লোকসংস্কৃতির অন্যতম প্রধান উপাদান যাত্রাশিল্প ফিরে পাবে তার হারানো সুনাম।’