যাত্রী বাড়ছে, বাড়ছে লোকসানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইটসূচি ঠিক না থাকা এবং অনিয়ম-দুর্নীতি ও অদক্ষতার পুরোনো দুর্নাম সত্ত্বেও বাংলাদেশি ভ্রমণকারীদের, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের এখনো পছন্দের বাহন বাংলাদেশ বিমান।বিক্রয় ও বিপণন শাখার সূত্র জানায়, বাংলাদেশ বিমান গত অর্থবছরে ১৬ লাখ ২১ হাজার ৮০০ জন যাত্রী বহন করেছে, যা আগের বছরের তুলনায় এক লাখ ৯০ হাজার বেশি। একই সঙ্গে বিমানের কার্গোও (পণ্য পরিবহন) বেড়েছে চার হাজার ৯০ টন। তার পরও কেন লোকসানের পরিমাণ বেড়ে চলেছে, সে প্রশ্নের সুরাহা করতে পারছে না কর্তৃপক্ষ। অবশ্য লোকসানের জন্য জ্বালানির মূল্যবৃদ্ধিকে একটা বড় কারণ বলে জানিয়েছেন বিমানের ভারপ্রাপ্ত এমডি শেখ নাসের। কর্তৃপক্ষ হিসাব দেন, ২০০৯ সালে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৪৪ দশমিক ৪২ টাকা। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ৭৪ টাকা। ২০১১ সালে বেড়ে হয় ৮৫ টাকা। এর বাইরে সম্প্রতি কর্মীদের বেতন-ভাতাও বেড়েছে।এদিকে আর্থিক এই দৈন্যদশার মধ্যে বিএফসিসির (বিমান ফ্লাইট ক্যাটারিং কোম্পানি) কর্মকর্তাদের গাফিলতির কারণে সৌদি এয়ারলাইনসের মতো গ্রাহক হারিয়েছে। সম্প্রতি সৌদি এয়ার ঘোষণা দিয়েছে, তারা আর বিএফসিসি থেকে খাবার কিনবে না। এতে বছরে ১৫ কোটি টাকার ব্যবসা হারিয়েছে বিমান।বিদেশে বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগে অনিয়ম, এ থেকে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি ও উড়োজাহাজ ভাড়ায় আর্থিক দুর্নীতির বিষয়ে সংসদীয় কমিটি অনেক দিন ধরে অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।