ঢাকার সদরঘাট টার্মিনালে ইজারাদার ও তার লোকেরা যাত্রীদের হয়রানি করেন। যাত্রীদের প্রতি চরম দুর্ব্যবহার করা হয়। অতিষ্ঠ মানুষের সুবিধার্থে ১ জুলাই থেকে প্রয়োজনে সদরঘাট টার্মিনালের ইজারা পদ্ধতি বাতিল করা হবে। আজ রোববার সদরঘাট টার্মিনালে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ ঘোষণা দেন।শাজাহান খান বলেন, সদরঘাটে যাত্রী হয়রানির অনেক অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। নৌপথের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সরকার নৌযানের মাস্টার, সারেংসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তিনি বলেন, নৌযানের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ ও সুষ্ঠু নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে নৌযান ও নৌপথের নিরাপত্তা সম্পর্কে জনগণকে অধিক সচেতন করে তোলার লক্ষ্যে আজ দেশে দ্বিতীয়বারের মতো নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘নৌপথে নিরাপত্তা—আনবে দেশে সফলতা’।আজকের অনুষ্ঠানে যাত্রীদের অধিক নিরাপত্তা নিশ্চিত করতে নটিক্যাল ইনস্টিটিউট লঞ্চ মালিকদের ৬০টি লাইফ বয়া বিতরণ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদরঘাট টার্মিনাল থেকে পাগলাঘাট পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নৌ শোভাযাত্রা, দেশের বিভিন্ন নৌ বন্দরে ব্যানার ও পোস্টার প্রদর্শন, নৌ সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি, নিবন্ধনবিহীন নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা ইত্যাদি।নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এম এ মালেক মিয়া, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল (অব.) বজলুর রহমান, অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ প্রমুখ।