যাত্রীছাউনিতে ছাতা খুলে বসতে হয়
জকিগঞ্জ-সিলেট সড়কের শরীফাবাদ যাত্রীছাউনি। এর ভেতরে একজন বৃদ্ধ মহিলা ছাতা মেলে ধরে বসে আছেন। ছাউনির ভেতরে ছাতাসমেত মহিলাকে বসে থাকা দেখে বিষয়টির কারণ জানতে চাইলে তিনি অনেকটা তেড়ে আসেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেখেন না ছাউনির দুই পাশে ওয়াল নেই। রোদ এসে শরীরে লাগছে। তো ছাতা রাখব না তো কী করব?’মহিলার কথায় দুই পাশে তাকাতেই বিষয়টি ধরা পড়ে। ছাউনির দুই পাশের দেয়াল ভাঙা। দুপুরের কড়া রোদ এসে ভেতরে পড়ছে। তাই গাড়ির জন্য অপেক্ষমাণ লোকেরা ছাউনির ভেতরে এসে বসলেও নিজেদের রোদের হাত থেকে বাঁচাতে ছাতা ধরে রাখতে হয়। শরীফাবাদ গ্রামের গিয়াসউদ্দিন অনেকটা কৌতুকের সুরেই বলেন, ‘দুই পাশে ছাউনি-টাউনি কিচ্ছু নাই, নাম যাত্রীছাউনি।’ তিনি জানান, গত বছরখানেক আগে সওজের রাস্তা সংস্কার করার জন্য একটি গাড়ি এখানে এসেছিল। গাড়িটি ঘোরাতে গিয়ে যাত্রীছাউনিটিতে ধাক্কা লাগে। এ সময় দুই পাশের দেয়াল ধসে পড়ে। এরপর থেকে ছাউনিটি আর মেরামত করা হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কে জেলা পরিষদ ও ব্যক্তি উদ্যোগে নির্মিত ৪২টি যাত্রীছাউনি রয়েছে। তবে যাত্রীদের দাবি, ছাউনিগুলো সংস্কার ও পর্যাপ্ত যাত্রীছাউনিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হোক। সরেজমিনে দেখা যায়, যাত্রীছাউনিগুলো নিয়মিত পরিষ্কার না করায় এগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। গরু-ছাগলের গোবর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বৃষ্টি হলে যাত্রীছাউনির ছাদ বেয়ে পানি পড়ে। এ ছাড়া ছাউনির যেখানে-সেখানে প্রস্রাব-পায়খানা করায় দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে পড়ে। লোকজন এ অবস্থায় কোনোরকমে নাকচাপা দিয়ে বসে আছে গাড়ির অপেক্ষায়।