বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের সরাসরি বাস বন্ধ
যাত্রীদের জিম্মি করে চালানো হচ্ছে মুক্তি পরিবহন!
বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ১৫টি যাত্রীবাহী বাস প্রতিদিন সরাসরি চলাচল করত। কিন্তু বাগেরহাট বাস মালিক সমিতি গত বছরের জুন থেকে ঢাকা রুটে দিনের বেলায় এবং চট্টগ্রাম রুটে দিন ও রাত উভয় সময়ে সরাসরি বাস চলাচল করতে দিচ্ছে না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার যাত্রীদের। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন দুই উপজেলার লোকজনকে বাগেরহাটে গিয়ে ঢাকা ও চট্টগ্রামের বাস ধরতে হচ্ছে। আবার ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা যাত্রীদের বাগেরহাটে নেমে লোকাল বাসে ওই দুই উপজেলায় যেতে হচ্ছে। আর এই পথে মুক্তি পরিবহন নাম দিয়ে দুটি মিনিবাস চালাচ্ছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। যাত্রীরা জানান, ঢাকা অথবা চট্টগ্রাম থেকে আসা যাত্রীদের বাগেরহাটে নেমে মুক্তি পরিবহনের জন্য অপেক্ষা করতে হয়। মুক্তি পরিবহন বাগেরহাট থেকে সরাসরি শরণখোলা গেলেও এই রুটের লোকাল বাসগুলোয় বাগেরহাট থেকে শুধু মোরেলগঞ্জ পর্যন্ত যায়। সেখান থেকে যাত্রীকে খেয়ায় অথবা ফেরিতে পানগুচি নদী পার হয়ে রিকশা বা ভ্যানে করে বাসস্ট্যান্ডে যেতে হয়। সেখান থেকে উঠতে হয় শরণখোলার বাসে। ঢাকা ও চট্টগ্রামে আসা-যাওয়া করতে এই দুই উপজেলার যাত্রীদের এমন প্রাণান্তকর অবস্থায় পড়তে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে শরণখোলা পর্যন্ত সরাসরি বাস চালনাকারী পরিবহন কোম্পানির কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, মোটা অঙ্কের চাঁদা দাবি করে না পেয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি উপজেলা পর্যায়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সাত মাসেরও বেশি সময় ধরে চলছে এই অবস্থা। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে শরণখোলা ও মোরেলগঞ্জের কয়েক হাজার যাত্রীকে। খোঁজ নিয়ে জানা গেছে, এক যুগেরও বেশি আগে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকার সঙ্গে সরাসরি বাস চলাচল শুরু হয়। চার-পাঁচ বছর আগে স্থাপিত হয় চট্টগ্রাম-শরণখোলা বাস যোগাযোগ। ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত শরণখোলার চাল রায়েন্দা গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগে ঢাকা থেকে সকাল সাতটায় বাসে উঠে বিকেল চারটার মধ্যে বাড়ি পৌঁছাতে পারতাম। এখন রাত আটটা-নয়টা বেজে যায়। কারণ বাগেরহাট বাসস্ট্যান্ডে নামতে হয়। সেখান থেকে মিনিবাসে যেতে হয় মোরেলগঞ্জ। এর পর ট্রলার বা ফেরি পার হয়ে রিকশাভ্যানে করে আরেকটি মিনিবাসে উঠতে হয়। এমন দুর্ভোগে গত ১২ বছরে কখনো পড়িনি।’ তিনি জানান, এতে যাতায়াত খরচও ১০০ টাকার মতো বেড়ে গেছে। জানা যায়, বছর দেড়েক হলো বাগেরহাট-শরণখোলা সড়কে মুক্তি পরিবহনের মিনিবাসগুলো চলাচল করছে। দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়ার কিছুদিন পর মুক্তি পরিবহনের মিনিবাসগুলো শরণখোলা থেকে সকালে ও বাগেরহাট শহর থেকে দুপুরে ছাড়ছে। এই পরিবহনের মালিক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি খান মুজিবুর রহমান। তবে মুক্তি পরিবহন ও শরণখোলার মালিকদের দুটি গাড়ি আগে থেকেই এই পথে চলছে বলে মুজিবুর রহমান দাবি করেন। এই দুর্ভোগ লাঘবে কয়েক মাস আগে শরণখোলাবাসী একটি সংগঠন গড়ে তুলে আন্দোলনেও নামে। শরণখোলা যাত্রীকল্যাণ সমিতি নামের ওই সংগঠনের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘বাস বন্ধ করার প্রতিবাদে আমরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি। ক্ষমতাসীন দলের অনেক নেতা ও স্থানীয় সাংসদের কাছে গিয়েছি। যোগাযোগমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু আজ (গতকাল শনিবার) পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।’ তিনি অবিলম্বে শরণখোলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের দিন-রাত উভয় সময়ের বাস আবার চালুর দাবি জানান। শরণখোলা উন্নয়ন ফোরামের এক নেতার প্রশ্ন, দেশের সব জায়গায় উপজেলা পর্যায়ে দূরপাল্লার গাড়ি ঢুকতে পারে। কিন্তু এখানে পারবে না কেন? চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, শুধু মুক্তি পরিবহন নয়, শরণখোলার দুটি মিনিবাসও এই পথে চলে। ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেন, উপজেলায় যাওয়ার রুট পারমিট দূরপাল্লার বাসের নেই। তা ছাড়া ২০০৯ সালের ৯ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ওইসব বাস উপজেলায় যেতে পারে না। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইফতেখার হায়দার প্রথম আলোকে বলেন, ‘ওইটি পুরোনো চিঠি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বিষয়টি সুরাহা করার কথা ছিল।’ বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন বলেন, ‘দীর্ঘদিন বাস বন্ধ থাকার বিষয়টি আমি জানতাম না। কেউ অভিযোগও করেনি।’ দুই দিন পর তিনি প্রথম আলোকে বলেন, ‘খোঁজ নিয়ে বিষয়টি আমি জেনেছি। জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে বসে আমি সমস্যার সমাধান করব।’ এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) সাংসদ মোজ্জাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দূরপাল্লার গাড়ির লোকজন তো আমার কাছে আসে না। আসলে তো আমি সমাধান করতে পারি।’