যাত্রীদের পাশে স্কাউট সদস্যরা
কমলাপুর রেলস্টেশনে যাত্রীর ভিড়। এর মধ্যে এক বৃদ্ধা তাঁর ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে পারছেন না। শেষে এক কিশোর এসে তাঁর ব্যাগটি ট্রেনে উঠিয়ে দিল। আরেক দিকে এক নারী তাঁর কোলের শিশুসহ ট্রেনে উঠতে পারছেন না। সেখানে এক তরুণ এসে কোলের শিশুসহ তাঁকে ট্রেনে উঠতে সহায়তা করল।এভাবেই একদল কিশোর-তরুণকে ঈদের আগের তিন দিন কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে। তাদের পরনে স্কাউটের পোশাক। প্রত্যেকেই বাংলাদেশ রেলওয়ে স্কাউট ঢাকা জেলার সদস্য বলে জানা গেল। তারা শুধু যাত্রীদের ট্রেনে উঠতে সহায়তাই করছিল না, কাউকে দেখিয়ে দিচ্ছিল নির্ধারিত বগি, কেউ আবার টিকিট দেখিয়ে জেনে নিচ্ছিলেন আসন নম্বর। গত ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট—তিন দিন স্কাউট সদস্যরা যাত্রীদের পাশে ছিল।শুধু এবার নয়, প্রতিবছর ঈদের আগেই স্কাউটের সদস্যরা যাত্রীসেবায় ওই রেলস্টেশনে নিয়োজিত থাকে। স্বেচ্ছাসেবার ব্রত নিয়েই তারা সেবা দিয়ে যায়। বিনিময়ে পায় যাত্রীদের ভালোবাসা। সে কথাই বলছিল শাহজাহানপুর রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হূদয়। এই স্কাউট সদস্যের ভাষ্য, ‘খুব ভালো লেগেছে ঘরমুখী মানুষকে বাড়ি ফিরতে একটু সহযোগিতা করতে পেরে। মনে হয়েছে, আমার আপন কোনো ভাইবোন বা প্রিয়জনকে বাড়িতে যেতে ট্রেনে উঠিয়ে দিচ্ছি।’আরেক সদস্য হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোহাম্মদ হাশেম বলেন, ‘ভিড়ের ভেতর বয়স্ক যাত্রীরা কোনো দিকেই যেতে পারেন না। সহজ-সরল মানুষেরা নিজের আসনটা পর্যন্ত খুঁজে বের করতে পারেন না। অনেকেই ছোট বাচ্চাদের নিয়ে ভিড়ের মধ্যে বিপদে পড়েন। তাঁদের সহায়তা করতে পারার চেয়ে আনন্দ আর কী হতে পারে?’কিশোর-তরুণদের সেবা কার্যক্রম দেখে প্রশংসায় পঞ্চমুখ বেসরকারি চাকুরে আশরাফ খান। এবারে ঈদের দুই দিন আগে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে খুলনায় গিয়েছিলেন তিনি। তাঁর ঈদের পোশাক-আশাকের ভারী বোঝা স্কাউটের সদস্যরা ট্রেনে তুলে দিয়েছিল। এ প্রসঙ্গে আশরাফ খান বলেন, ‘সকাল থেকেই দেখেছি, স্কাউটের সদস্যরা যাত্রীদের সহায়তা করেছে। পরে নিজেও সহায়তা পেয়েছি। তাদের সেবার মানসিকতা দেখে খুব ভালো লেগেছে। তাদের কাছ থেকে আমরা যথেষ্ট উপকার পেয়েছি।’ছেলেদের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে স্কাউট ঢাকা জেলার মেয়েরা ঈদের আগের তিন দিন ছুটিতে না থেকে যাত্রীদের সেবা দিয়েছেন। সেখানেই কথা হয়েছিল ইডেন কলেজের ছাত্রী আয়েশা সিদ্দিকার সঙ্গে। তিনি বলেন, ‘মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, এ শিক্ষাই আমরা পেয়েছি। সে জন্যই যাত্রীদের সেবায় নিয়োজিত ছিলাম।’ঈদের আগে ঘোরাফেরা বাদ দিয়ে যাত্রীসেবায় থাকা কিশোর-তরুণদের প্রশংসা শোনা গেছে অনেক যাত্রীর মুখে। তবে বাংলাদেশ রেলওয়ে স্কাউট ঢাকা জেলার সম্পাদক ওসমান আলী বললেন ভিন্ন কথা। তাঁর মন্তব্য হচ্ছে, ‘স্কাউটের অন্যতম লক্ষ্য মানবসেবা। এ জন্য আমরা প্রতিবছর ঈদের আগে রেলস্টেশনে যাত্রীদের সেবা দিই। কেবল রেলস্টেশনে নয়, যেকোনো জাতীয় উৎসব কিংবা দুর্যোগে স্কাউট সদস্যরা মানুষের সেবায় এগিয়ে যায়। এই ব্রত নিয়েই আমাদের পথচলা। প্রশংসা পেলে কার না ভালো লাগে? তবু বলব, কোনো কিছু পাওয়ার লোভ থেকে নয়, বরং মানুষের প্রতি কর্তব্যবোধ থেকেই স্কাউট সদস্যরা সেবা দিয়ে থাকে।’