যাত্রীদের বিড়ম্বনার জন্য জোট সরকার দায়ী : যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, চারদলীয় জোট সরকার রেলওয়ের কোনো উন্নয়ন করেনি। আর সে জন্যই এখন ট্রেনের টিকিট নিয়ে এ রকম বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঝটিকা সফরে গিয়ে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।যোগাযোগমন্ত্রীর সফরের সময় রেলস্টেশনে টিকিটের জন্য যাত্রীদের লম্বা লাইন ছিল। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে যাত্রীরা বলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও টিকিট কাউন্টারে গিয়ে শোনা যায় ট্রেনের টিকিট নেই। যোগাযোগমন্ত্রী কমলাপুর রেলস্টেশনে দাঁড়ানো অগ্নিবীণা ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন। ট্রেনের যাত্রীরা অভিযোগ করে বলেন, তাঁদের দীর্ঘ সময় দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে। এ ছাড়া সময়মতো ট্রেন ছাড়েনি। যোগাযোগমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন, যাত্রীদের চাহিদার তুলনায় টিকিট অপ্রতুল। ঈদের সময় অতিরিক্ত যাত্রীদের চাপ সামলানোর জন্য তাঁরা কাজ করছেন। তিনি বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে রেল বিভাগের উন্নয়নে কোনো কাজ হয়নি। এ কারণেই এ অবস্থা তৈরি হয়েছে।