যাত্রীদের সন্তুষ্ট করতে পারছে না ‘ওয়াটার বাস’, দুর্ঘটনাও ঘটছে
গতকাল বুধবার সকাল সাতটার কিছু আগে সদরঘাটের নৌকাঘাটে হাজির হন পাটুয়াটুলীর কাপড় ব্যবসায়ী মোবারক হোসেন। ব্যবসার কাজে তিনি গাবতলীতে যাবেন। সংবাদপত্র ও টেলিভিশন থেকে জেনেছেন, নৌযান ‘ওয়াটার বাস’-এ মাত্র ৫০ মিনিটে গাবতলী যাওয়া যাবে। এতে সড়কপথের দুঃসহ যানজট এড়ানো যাবে।কিন্তু সাতটার ওয়াটার বাস ‘এমএল বুড়িগঙ্গা’ ছাড়ল সাড়ে তিন ঘণ্টা পর। এ সময়টায় তাঁর মতো আরও কিছু যাত্রীকে অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর ‘তুরাগ’ নামের অপর বাসটি ছাড়ে। সদরঘাট থেকে দুপুরে প্রায় দুই ঘণ্টা কোনো বাস ছাড়েনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পরিচালনায় গত ২৮ আগস্ট চালু হওয়া ওয়াটার বাস দুর্ঘটনাকবলিতও হচ্ছে। সদরঘাট-গাবতলী রুটে ৩৫ আসনের ওয়াটার বাস চালু হওয়ার পর পঞ্চম দিনে গতকাল দিনভর অনেক যাত্রীকে সময় বাঁচাতে গিয়ে উল্টো সময় নষ্ট করতে হয়েছে। এমনকি সর্বোচ্চ ৫০ মিনিটে গাবতলীতে পৌঁছানোর কথা থাকলেও সোয়ারীঘাট ও খোলামুড়ায় যাত্রাবিরতি করে সোয়া ঘণ্টার আগে পৌঁছাতে পারেনি।সময়মতো না ছাড়া এবং দেরি হওয়ার বিষয়ে যাত্রীরা বলেছেন, এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দায়িত্বরত ব্যক্তিদের খামখেয়ালি।গতকাল সকালে সদরঘাটে গিয়ে দেখা যায়, নৌকাঘাটে বেশ কয়েকটি নৌকার ভিড়ে ওয়াটার বাসের জন্য জায়গা দেওয়া হয়েছে। নির্ধারিত কোনো জেটি না থাকায় সাধারণ নৌকার মতো ওয়াটার বাসকে ভাঙাচোরা ঘাটে ঝুঁকি নিয়ে ভেড়াতে হয়েছে। সেখানে কোনো যাত্রীছাউনিও নেই। নেই একসঙ্গে ১৫-২০ জন যাত্রী দাঁড়ানোর মতো প্রশস্ত জায়গাও।যাত্রীরা অভিযোগ করেন, দেড় ঘণ্টা পরপর বাস ছাড়ার কথা থাকলেও বিআইডব্লিউটিসি তা পারছে না। বাস ছাড়ার পর কর্তৃপক্ষের কাউকেই আর ঘাটে পাওয়া যায় না। নেই কোনো তথ্যকেন্দ্র।লোকবল ও অদক্ষতা: খোঁজ নিয়ে জানা যায়, এখনো ওয়াটার বাস দুটির জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়নি, তাই বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের পালা করে দায়িত্ব পালন করতে হচ্ছে। দায়িত্বরত কর্মচারীরা জানান, মন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি করে ওয়াটার বাস চালু করতে হয়েছে, তাই অনেক সমস্যা রয়ে গেছে।কর্মচারীরা বলেন, চালু করার আগে ওয়াটার বাসের জন্য বিশেষ জেটি তৈরি ও প্রয়োজনীয় দক্ষ লোকবল নিয়োগ প্রয়োজন ছিল। শিগগিরই এই সমস্যার সমাধান করা না হলে লাভজনক হওয়া দূরে থাক, টিকে থাকাই মুশকিল হবে।গতকাল সকালে ‘তুরাগ’ ওয়াটার বাসে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আবদুল হামিদ খানকে টিকিট কাটার দায়িত্বে দেখা যায়। এ ছাড়া নির্মাণকারী কোম্পানি থ্রি অ্যাঙ্গেল কনসালট্যান্ট লিমিটেডের দুজন কর্মী বিআইডব্লিউটিসির লোকদের কাজ শেখাচ্ছিলেন।বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান স্বীকার করেন, লোকবল ও টিকিটের সংকট থাকায় নির্দিষ্ট সময়ে ওয়াটার বাস ছাড়া যাচ্ছে না। লোকবল-সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।দুর্ঘটনা: চালু হওয়ার পর গত পাঁচ দিনে দুটি ওয়াটার বাসই দুর্ঘটনায় পড়ে। সর্বশেষ গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এম এল তুরাগ দুর্ঘটনার শিকার হয়। সদরঘাট থেকে ‘তুরাগ’ ২৫ জন যাত্রী নিয়ে গাবতলীর উদ্দেশে রওনা হয়। পরবর্তী গন্তব্য সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনে পৌঁছার পর চালক বাসটিকে আড়াআড়িভাবে জেটিতে ভেড়ানোর চেষ্টা করেন। লোহার জেটিতে সজোরে ধাক্কা খেলে বাসের জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। এ সময় কেউ আহত না হলেও আতঙ্কিত অনেক যাত্রীই ভয়ে গাবতলী না গিয়ে সোয়ারীঘাটেই নেমে পড়েন।দুর্ঘটনার শিকার আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, যাত্রীরা আগ্রহ নিয়ে ওয়াটার বাসে যাতায়াতের চেষ্টা করছেন। কিন্তু কর্তৃপক্ষ অদক্ষ লোক দিয়ে কাজ চালাচ্ছে।এ বিষয়ে সহকারী মহাব্যবস্থাপক বলেন, ওয়াটার বাসের ধারণাটি নতুন হওয়ায় কিছু সমস্যা তো আছেই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।