যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
বাগেরহাটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে জুয়েল বাদশা (২২) নামে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ রোববার সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের কচুয়া উপজেলার পিংগুড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ জুয়েল বাদশার লাশ উদ্ধার করেছে।নিহত জুয়েল মোরেলগঞ্জ উপজেলার এবি গজালিয়া গ্রামের আশরাফ আলী বাদশার ছেলে। জুয়েল পেশায় তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম সকালে ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে বলেন, মোরেলগঞ্জ থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পিংগুড়িয়ায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী জুয়েল নিহত এবং অন্তত পাঁচ যাত্রী আহত হয়। জুয়েলের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।