যাত্রীবেশে ডাকাতি, এক লাখ ৬২ হাজার টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে যাত্রীবেশে কয়েকজন ডাকাত বাসে ওঠে তিনজন মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এক লাখ ৬২ হাজার টাকা লুট করেছে। আজ সোমবার ভোরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের বিপরীত পাশের সড়কে এ ঘটনা ঘটে। বাসচালক ও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।আহত তিন মাছ ব্যবসায়ী হলেন—মোহাম্মদ হানিফ (৩০), শাহ আলম (৩৫) ও আবদুল কাদের (৩২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের চিকিত্সা দেওয়া হচ্ছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ ভোর সাড়ে পাঁচটায় ওই তিন মাছ ব্যবসায়ী মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে মাছ কেনার জন্য কারওয়ান বাজারের উদ্দেশে বাসে ওঠেন। ছয়টার দিকে বাস বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের বিপরীত পাশের সড়কে পৌঁছালে যাত্রীবেশে পাঁচ-ছয়জন ডাকাত বাসে ওঠে। একপর্যায়ে তারা মাছ ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে। প্রতিবাদ করতে গেলে তাঁদের ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে ডাকাতেরা। তারা হানিফের কাছ থেকে ৮৬ হাজার, শাহ আলমের কাছ থেকে ২৬ হাজার এবং কাদেরের কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় তাঁদের চিত্কার শুনে তেজগাঁও থানার টহল পুলিশ বাসটির পিছু নেয়। বিজয় সরণিতে এসে পুলিশ বাসটি আটক করে। তারা একজন ডাকাত ও বাসচালককে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, এই ডাকাতির ঘটনায় বাসচালক জড়িত থাকতে পারে—এই সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, ঘটনাস্থল কাফরুল এলাকায় হওয়ায় আটক দুজনকে কাফরুল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।