যাত্রীরা হুঁশিয়ার
ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটাও সেরে ফেলেছিলেন কুমিল্লার শোয়েব ও সুমনা দম্পতি। বাড়ি ফেরার জন্য শিশুকন্যা সাবাকে নিয়ে চেপেছিলেন মহানগর প্রভাতী ট্রেনে। মাথার ওপরের তাকে ব্যাগগুলো রেখে ট্রেনের টয়লেটে গিয়েছিলেন শোয়েব। সুমনা ব্যস্ত ছিলেন মেয়েকে সামলাতে। ট্রেন যখন ছাড়বে, তখনই তাঁদের খেয়াল হলো, তাকের ওপর ঈদের কাপড়গুলো রাখা বড় ব্যাগটাই নেই। সবে যাত্রা শুরু করা ট্রেন চেইন টেনে থামালেন শোয়েব। কিন্তু প্লাটফর্মে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ-চোরের দেখা পাওয়া গেল না। শেষ বাঁশি বাজিয়ে ট্রেনটি আবার যাত্রা শুরু করার পর দরজায় দাঁড়িয়ে থাকা শোয়েব আবছা দেখলেন, অনেক দূরে যাত্রীর ভিড়ে হাঁটতে থাকা এক লোকের হাতে ব্যাগটি শোভা পাচ্ছে। কিন্তু তখন স্ত্রীকে সান্ত্বনা দেওয়া ছাড়া তাঁর আর কিছুই করার ছিল না। ঘটনাটি গেল সপ্তাহের। এ সপ্তাহে ঈদে বাড়ি ফেরার সময় এ ধরনের ঘটনা বাড়বে বই কমবে না।রেলপথ, পানিপথ ও সড়কপথে ঈদে বাড়ি ফেরার সময় যাত্রীদের সতর্কতার ঘাটতি ডেকে আনতে পারে অনাহূত এমন অনেক বিপদ। মহাখালী বাস টার্মিনালে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়ার সময় ‘টানা পার্টি’র খপ্পরে পড়ে কানের স্বর্ণ হারিয়েছেন তাসলিমা আক্তার নামের এক যাত্রী। তিনি জানান, মহাখালী বাস টার্মিনাল থেকে গাড়িটি এগিয়ে উড়াল সেতুর নিচে আসতেই মোটরসাইকেলে বসে থাকা দুজন দুষ্কৃতকারী কাণ্ডটি ঘটায়। শুধু বাসেই নয়, এই টানা পার্টির হাতে ট্রেনের যাত্রীরাও নিরাপদ নয়। তাই দূরপাল্লার যাত্রায় জানালার পাশের সিটে বসলে জানালার পাল্লাটা বন্ধ করে রাখাই উত্তম।জানালা বন্ধ রেখে টানা পার্টি রুখলেও জানালার এ পাশে থাকা সাধুবেশী প্রতারক চক্র কিন্তু থেকেই যাচ্ছে। যাত্রাপথে রসের আলাপ জমানো গাঘেঁষা সহযাত্রীর সঙ্গে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। কেননা, কথার ফাঁকে সহযাত্রীর দেওয়া ডাবের পানি, চানাচুরের প্যাকেট কিংবা চকলেটটি খেয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। তাই আগেভাগেই যাত্রীদের সতর্ক করেছে ডিএমপি।এ ছাড়া চলতি পথে ফেরিতে কিংবা মধ্যরাতে ‘ফুডকোর্টে’ গাড়ি থামানোর পর নিচে নামলে অবশ্যই সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। সতর্কতার সঙ্গে সঙ্গে সময়ানুবর্তীও হওয়া প্রয়োজন। নইলে আপনাকে ফেলে রেখেই রওনা হবে আপনার বাড়ি ফেরার যান। জলপথে নীড়ে ফেরার পরিকল্পনা যাদের রয়েছে, তাদের অবশ্যই জাহাজ বা স্টিমারটির ‘যাত্রী ধারণক্ষমতা’ জেনে তাতে চড়া উচিত। কারণ, নৌযান ডুবে গেলে সাঁতার না জানলে তো একেবারেই সলিল সমাধি। তাই হাতের কাছে ‘লাইফ জ্যাকেট’ নিয়ে রাখা জরুরি।যে পথেই ঘরে ফেরেন না কেন, নিজের পকেট আর মুদ্রাথলের প্রতি সতর্ক নজর রাখুন সবার আগে। নইলে কিন্তু পকেটমারের খপ্পরে পড়ে টাকাপয়সা খুইয়ে ঈদের আনন্দ মাটি হয়ে যেতে পারে। বেতন-বোনাসের পয়সায় কেনা প্রিয়জনের উপহারসামগ্রী বাড়ি নিয়ে যাওয়ার সময় নির্জন রাস্তা পরিহার করে খানিক দূর হলেও জনবহুল পথে চলার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর অটোরিকশা, ট্যাক্সিক্যাবে চড়ার সময় সেটির নম্বর, চালকের নাম লিখে রাখা উচিত। এগুলো খুদে বার্তায় (এসএমএস) প্রিয়জনের মুঠোফোনেও পাঠিয়ে দিলে নিরাপত্তা হবে নিশ্চিন্ত।বাড়ি ফেরার সময় মহাসড়কে যানজটে আটকে থাকতে হতে পারে অনেকক্ষণ। দুর্ঘটনা ঘটলে তো যানজট বেঁধে থাকবে ঘণ্টার পর ঘণ্টা। সঙ্গে শিশু থাকলে তাই পানি ও শুকনো খাবার রাখা ভালো। বাসযাত্রায় যাদের বমির অভ্যাস আছে, তাদের নেওয়া দরকার প্রয়োজনীয় প্রস্তুতি।