যাত্রীশূন্য পথে চলবে সার্কুলার ট্রেন!
যাত্রী পাওয়ার সম্ভাবনা নেই—চট্টগ্রাম মহানগরের এমন এলাকা দিয়ে সার্কুলার ট্রেন চালুর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নতুন ট্রেনও কেনা হচ্ছে।রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের মালামাল পরিবহনের জন্য ব্রিটিশ আমলে তৈরি রেলপথে সার্কুলার ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়। এ রেলপথে কখনো যাত্রীবাহী ট্রেন চালানো হয়নি। সাড়ে ১৬ কিলোমিটার রেলপথের ১৪ কিলোমিটার চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকা এবং নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরে পড়েছে। এ এলাকায় ‘সর্বসাধারণের চলাচল নিষেধ’।রেলপথটি পুনর্বাসনের জন্য ২০৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় আছে। চট্টগ্রামের এ পথ এবং ঢাকা-জয়দেবপুর, ঢাকা-নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের ভাটিয়ারী থেকে ড্রাইডক পর্যন্ত সার্কুলার ট্রেন চালুর জন্য ৬৫৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার টাকায় ২০ সেট শীতাতপনিয়ন্ত্রিত কোচ কেনা হচ্ছে। প্রতি সেটে তিনটি কোচ থাকবে, যার দুই প্রান্তের দুই কোচে ইঞ্জিন সংযুক্ত থাকবে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ছয়টি মানদণ্ড বা শর্ত পূরণ করলেই কেবল সংশ্লিষ্ট পথে যাত্রীবাহী ট্রেন চালানো হয়। শর্তগুলো হলো: পথের দুই পাশে বেসরকারি আবাসিক এলাকা, বাণিজ্য কেন্দ্র, অফিস-আদালত, হাটবাজার বা বিপণিবিতান, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকতে হবে। কিন্তু ১৬ কিলোমিটারের জন্য ১৪ কিলোমিটার পথই বন্দর ও ঈশা খাঁ ঘাঁটির সংরক্ষিত এলাকায় পড়ায় এখানে স্বাভাবিক যাত্রী পাওয়ার সুযোগ নেই। আশপাশের এলাকায় বেসরকারি আবাসিক ভবন, বাণিজ্যকেন্দ্র, অফিস-আদালত, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাই এই রেলপথে যাত্রী কোত্থেকে আসবে, তা নিয়ে রেলের ভেতরেই প্রশ্ন উঠেছে।সম্প্রতি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ রেলপথ পরিদর্শন করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ থেকে এ পথে ট্রেন চালু হতে পারে বলে জানিয়েছেন তাঁরা। জানতে চাইলে রেলের মহাপরিচালক মো. আবু তাহের বলেন, ‘আগে আমাদের পথটা চালু করতে দেন। তার পরে যাত্রী পাওয়া যায় কি না, দেখেন। যাত্রী না পেলে আমাদের তো কোনো ক্ষতি নেই। কারণ, চট্টগ্রাম স্টেশন থেকে বন্দর হয়ে পতেঙ্গা পর্যন্ত রেলপথটির অবস্থা খুব খারাপ। বর্তমানে পতেঙ্গা থেকে জ্বালানি তেল নিয়ে ফৌজদারহাট হয়ে চট্টগ্রাম স্টেশনের দিকে ট্রেন যায়। এটি সংস্কার হলে জ্বালানি তেল ও কনটেইনার পরিবহন আরও সহজ হবে। পতেঙ্গা ডিপো থেকে জ্বালানি বা কনটেইনার নিয়ে আর ঘুরে চট্টগ্রাম স্টেশনে যেতে হবে না।’ রেলওয়ে সূত্র জানায়, সার্কুলার ট্রেন চালু করতে চট্টগ্রাম স্টেশন থেকে পতেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের পাশাপাশি ১৫ একর জমিও অধিগ্রহণ করতে হবে। চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর রাস্তা, সীমানাপ্রাচীর ও ভবনের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে প্রকল্পে। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে এই পথে সার্কুলার ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আমি ২০৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব দিয়েছি। তবে চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত রেলপথ টেনে নিতে হলে জায়গা অধিগ্রহণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা ভাঙতে হবে। আর ড্রাইডক পর্যন্ত রেলপথ সীমাবদ্ধ থাকলে খরচ বেশি হবে না।’রেলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে চট্টগ্রাম স্টেশন থেকে এই ১৪ কিলোমিটার সংরক্ষিত এলাকা দিয়ে সার্কুলার ট্রেন চালানোর সিদ্ধান্তকে অর্থের অপচয় বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, যাত্রী যদি পাওয়া না যায় তা হলে শত শত কোটি টাকা খরচের দায় কে নেবেন? এই কর্মকর্তা বলেন, ইঞ্জিন ও কোচের (বগি) অভাবে পাঁচ-ছয় বছর আগে পর্যায়ক্রমে চাঁদপুর-ভৈরব, চাঁদপুর-চট্টগ্রাম, আখাউড়া-চট্টগ্রাম ও নোয়াখালী-লাকসাম রেলপথের চার জোড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়। অথচ ওই চারটি পথে পর্যাপ্তসংখ্যক যাত্রী পাওয়া গিয়েছিল। এই কর্মকর্তা আরও বলেন, একইভাবে চট্টগ্রাম-দোহাজারী এবং চট্টগ্রাম নাজিরহাট পথে ছয় জোড়া করে মোট ১২ জোড়া ট্রেনে যাত্রী পরিবহন হয়ে আসছিল। ইঞ্জিন-কোচের অভাবে উভয় পথে এখন মাত্র এক জোড়া করে দুই জোড়া ট্রেন চলাচল করছে। অথচ যাত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই—এমন পথে বিলাসবহুল সার্কুলার ট্রেন চালানোর জন্য কয়েক শ কোটি টাকা খরচ করা হচ্ছে। জানা গেছে, আগামী বছর ঢাকা-জয়দেবপুর, ঢাকা-নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের ভাটিয়ারী থেকে ড্রাইডক পর্যন্ত সার্কুলার ট্রেন চালু করা হবে। এই কয়টি পথে যাত্রী পাওয়া যাবে বলে মনে করেন রেল কর্মকর্তারা।