যাদের সহযোগিতায় সফলউৎসব
গণিতের সাংকেতিক চিহ্ন এবং সমুদ্রের ঢেউ আর সূর্যের প্রতিকৃতি দিয়ে সাজানো ছিল মূল উৎসবের তোরণ। প্রধান ফটক থেকে শুরু করে পুরো মাঠ সাজানো হয়েছিল উৎসবের সাজে। মাঠে প্রবেশ করে একটু এগোলেই চোখে পড়ে বিশাল ডিজিটাল বোর্ডে এ বছরের ১৩টি আঞ্চলিক পর্যায়ের গণিত উৎসবের বিজয়ীদের ছবির প্রদর্শনী। আরেকটু এগোলেই চোখে পড়ে ব্যানারে খচিত গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের লক্ষ্য ও স্বপ্নগুলো। তারপর আরও একটু এগিয়ে গেলে ২০০৯ সালে গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক বিজয়ী নাজিয়া চৌধুরী ও সামিন রিয়াসাত এবং কোচ মাহবুব মজুমদারের প্রমাণ আকারের ছবি। এ ছাড়া আরও ছিল নতুন রূপের রংবেরঙের বেলুন, ব্যানার ও ফেস্টুন। মাঠের একপাশে নিবন্ধনের জন্য ১৩টি বুথ, সঙ্গে তথ্যকেন্দ্র। অংশ নেওয়া প্রত্যেকে তাদের নিজ নিজ বুথ থেকে নিবন্ধন শেষ করে বুঝে নেয় নিবন্ধন নম্বরসহ পরিচয়পত্র, কলম, খাবার কুপন, অনুষ্ঠানসূচি ও সকালের নাশতা। অংশগ্রহণকারীদের সবাইকে চাবির রিং আর মাদকের লিফলেট দিয়েছে প্রথম আলো। প্রশাসনিক ভবনের নিচে বসেছিল ১৩টি স্টল, যেখানে গণিত ও বিজ্ঞানের বইয়ের পসরা সাজিয়ে বসেছিল বিজ্ঞান একাডেমি, সময়, তাম্রলিপি ও প্রথমা প্রকাশন। এ ছাড়া আরও ছিল প্রথম আলো জবস, প্রথম আলো বন্ধুসভার স্টল। স্টলগুলোতে ছাত্রছাত্রীদের বই কেনার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিজ্ঞান একাডেমির স্বত্বাধিকারী মো. আবু মুসা সরকার বলেন, ‘ছাত্রছাত্রীদের গণিত ও বিজ্ঞানমনস্ক করা এবং তাদের উৎসাহ দিতে আমরাও উৎসবে হাজির হয়েছি।’ গণিত ও বিজ্ঞানের শতাধিক বই ও ওয়াল চার্ট ছিল তাঁর স্টলে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্টলে বাংলা অপারেটিং সিস্টেম উবুন্টু সিডি এবং এর বিভিন্ন বিষয় জানানো হয়। মাতৃভাষা বাংলা অপারেটিং সিস্টেমের বিষয়টিও জেনেছে শিক্ষার্থীরা। সারা দেশের আঞ্চলিক উৎসবের মতো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির ‘গণিতের বই’ স্টলটি ছিল দারুণ জনপ্রিয়। গণিতের বাংলা ও ইংরেজি অনেক বইয়ের পাশাপাশি রবিকের কিউব কেনার ধুম ছিল সেখানে। নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করেন এজিইএস সার্ভিসের নিরাপত্তাকর্মীরা।‘সুস্থ সবল শরীর মন, অঙ্কের সাথে সারাক্ষণ’—এই স্লোগান নিয়ে উৎসবে হাজির হয়েছিল ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। ১৫১ জনকে রক্ত পরীক্ষার পাশাপাশি তারা শিক্ষার্থীদের ফ্রি চেকআপ ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। অনেক অসুস্থ শিক্ষার্থীকে দুই দিনই ক্লান্তিহীন প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে তারা। নেসলে বাংলাদেশ লিমিটেডের অ্যাকটিভেশন অ্যান্ড স্যাম্পলিং ম্যানেজার মীর এস্তাফিজুর রহমান বলেন, ‘গণিত উৎসবের মতো প্রাণবন্ত আয়োজনে থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি আমরা। আসলে এখান থেকে সবারই কিছু না কিছু শেখার আছে। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ উৎসবের দুই দিন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ উৎসবে আসা সবার জন্য ছিল বিনা মূল্যে কফি ও নুড্ল্স নেসলে বাংলাদেশের পক্ষ থেকে। কফি আর নুড্ল্স খাওয়ার এই সুযোগ হাত ছাড়া করতে চায়নি কেউই! গণিত উৎসবে খুদে পণ্ডিতদের জন্য বিনা মূল্যে মিনারেল পানি, মিল্কিস বিস্কুট, ক্যান্ডি ও টমটম চিপস সরবরাহ করে প্রাণ গ্রুপ। এ ছাড়া উৎসবে ছিল প্রাণের বিশেষ স্টল। ‘এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের পণ্য শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আয়োজনের সঙ্গে ছিলাম।’ বললেন প্রাণ গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (পানীয় ও জুস) ফারহান রশীদ। এ ছাড়া মঞ্চের একটু পাশেই ছিল কম্পিউটার জগৎ, বাংলালায়ন এবং অনলাইন রেডিও বিজয়। এবিসি রেডিও ও ইন্টারনেট রেডিও বিজয় স্কুলের মাঠ থেকে উৎসবের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। রকিবুল রকি