যান, অভিযান এবং যাত্রীর নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর পারছি না ভাই। যাতায়াত খরচ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পাঁচ হাজার টাকা বেতনে কাজ করে এভাবে চলা যায় না। পরিবহন-ভাড়ার নৈরাজ্য নিয়ে সরকার কিছুই করছে না।’কথাগুলো নিউমার্কেটের একটি দোকানের কর্মী আল আমিনের। গতকাল শনিবার তাঁর সঙ্গে কথা হয় নিউমার্কেটের সামনে। তিনি জানান, মোহাম্মদপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত এত দিন লোকাল বাসে এলে চার থেকে পাঁচ টাকা ভাড়া নেওয়া হতো। কাউন্টার থেকে টিকিট কিনে উঠলে আট টাকা। এখন লোকাল বাসগুলোও সিটিং বানিয়ে ভাড়া নেওয়া হচ্ছে ৮ থেকে ১০ টাকা। আর কাউন্টার বাসে ভাড়া হয়ে গেছে ১২ থেকে ১৫ টাকা।গতকালও রাজধানীতে সরকারের বেঁধে দেওয়া ভাড়ার হার তোয়াক্কা না করে ইচ্ছামতো ভাড়া আদায় করেছে পরিবহন কোম্পানিগুলো।শাহবাগ হয়ে মোহাম্মদপুর ও মিরপুর যায় বাহন, এটিসিএল, শতাব্দী, ফাল্গুন ও মিডওয়ে পরিবহন। সরেজমিনে দেখা গেছে, শাহবাগে যাত্রী ওঠা-নামা করা হলেও এখান থেকে যে টিকিট দেওয়া হয়, তা অন্য গন্তব্যের। শাহবাগ থেকে মিরপুর বা শাহবাগ থেকে মতিঝিলের কোনো টিকিট কাউন্টারগুলোতে ছিল না।যাত্রীদের অভিযোগের ভিত্তিতে শাহবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম। এক গন্তব্যের টিকিট অন্য গন্তব্যের যাত্রীদের কাছে বিক্রির ঘটনা আদালতের নজরেও আসে।তোফায়েল ইসলাম জানান, ইচ্ছামতো ভাড়া বসিয়ে টিকিট বিক্রির দায়ে গতকাল দুটি বাসের চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিলের সুপারিশ করেছেন তিনি। বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় জব্দ করা হয়েছে সাতটি বাস। এ ছাড়া দুই হাজার টাকা জরিমানা করা হয় অন্য একটি বাসকে।শাহবাগে দুপুরে আবদুল মালেক নামে এক যাত্রী বলেন, তিনি বাহন পরিবহনে শাহবাগ থেকে মিরপুর যাওয়ার জন্য টিকিট চাইলে কাউন্টার থেকে বাসাবো থেকে মিরপুর পর্যন্ত যাওয়ার টিকিট ধরিয়ে দেওয়া হয়। টিকিটে ভাড়া লেখা ২৮ টাকা। অথচ মিরপুরের ভাড়া এর অর্ধেক হওয়ার কথা।বিআরটিএ কাকলীতে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। সেখানে বাড়তি ভাড়া আদায়ের দায়ে দুটি বাস জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় চার হাজার ৭০০ টাকা। ওই আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন এস এম রেজাউল করিম।বিভিন্ন সংগঠনের প্রতিবাদ: ভাড়া নিয়ে পরিবহন খাতে সৃষ্টি হওয়া নৈরাজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, যানবাহনের এই নৈরাজ্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারেও প্রভাব ফেলেছে। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানানো হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে।