যানজট ও দুর্ঘটনা জাতীয় দুর্ভাবনা
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কে যানজট ও দুর্ঘটনা জাতীয় দুর্ভাবনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাঁচটি মন্ত্রণালয় সমন্বিতভাবে যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এটা আমাদের জাতীয় দুর্ভাবনা। এ অবস্থার অবসান ঘটাতে হলে সব পক্ষকে এগিয়ে আসতে হবে।’আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের দুটি প্যাকেজের কাজ চলছে। চার লেনের কাজ দ্রুত ও মানসম্মত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজ জানুয়ারি মাসের মধ্যে শুরু হবে।এই মহাসড়ক চার লেনে উন্নীত করতে গিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ কাটার সিদ্ধান্তের ব্যাপারে মন্ত্রী বলেন, সড়ক উন্নয়নের কাজে যে পরিমাণ গাছ কাটা হবে, এর দ্বিগুণ পরিমাণ গাছ লাগিয়ে দেওয়া হবে এবং সেনাবাহিনীরও বৃক্ষরোপণের সিদ্ধান্ত রয়েছে।যোগাযোগমন্ত্রী বলেন, ভোটের রাজনীতির জন্য জনস্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয় না। তিনি জনপ্রিয় হতে ভালো কাজ করার আহ্বান জানান জনপ্রতিনিধিদের।এর আগে যোগাযোগমন্ত্রী পৌর মেয়রকে টঙ্গীর স্টেশন রোডে ফুটওভারব্রিজের ব্যানার, ফেস্টুন ও রাস্তার পাশে ময়লা-আবর্জনা সরিয়ে ফেলার নির্দেশ দেন। ওই মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ফুটপাতে কাঁচাবাজার দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং দুই ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের তা সরিয়ে ফেলার নির্দেশ দেন। রাস্তার পাশে খানাখন্দ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং যানজট নিরসনে তা দ্রুত মেরামতের নির্দেশ দেন।চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটিএর প্রচারণায় যোগাযোগমন্ত্রী নিজের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন ও তাত্ক্ষণিক তা সরিয়ে ফেলার নির্দেশ দেন।