যানজট ও দুর্ঘটনা রোধে কমিটি গঠন করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনার জন্য সড়ক পরিবহন-সংক্রান্ত বিশেষজ্ঞ নিয়ে সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিব এবং আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গঠিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করে তার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।যানজট ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন মহাসড়কগুলোতে কার্যকর সড়ক, পরিবহন ও ব্যবস্থাপনা নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার সংযোগ মহাসড়কে স্থাপিত দোকান হাটবাজার অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। হাইকোর্টের ওই বেঞ্চ জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশর পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করে। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, অর্থসচিব, ডিআইজি (হাইওয়ে), জয়েন্ট কমিশনার (ট্রাফিক, ঢাকা) ও চার জেলার পুলিশ সুপারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মানিকগঞ্জ, ঢাকা-ফরিদপুর মহাসড়কে হাইওয়ে পুলিশ নিয়োগ দিতে ডিআইজি (হাইওয়ে) পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।হাইওয়ে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না, তা তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠনের কথা বলেছেন আদালত।ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা জেলার প্রান্ত থেকে শুরু হওয়া মহাসড়কের ২০ কিলোমিটার পর্যন্ত থাকা স্থাপনা, হাটবাজার ও দোকানপাট অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের দুই সপ্তাহের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে ওই চার পুলিশ সুপারকে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা মামলা পরিচালনা করেন।