যানজট ও দুর্ঘটনা রোধে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট ও দুর্ঘটনা রোধে প্রয়োজনে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। অনেক ক্ষেত্রে সেনাবাহিনী নিযুক্ত করা বিতর্কিত হলেও সেতু রক্ষা, যানজট কমাতে এবং মানুষের দুর্ভোগ সহনীয় করতে ব্যবস্থা নিতে হবে।ওবায়দুল কাদের বলেন, মেঘনা সেতুর কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেও ঝুঁকি নিয়ে মাত্রাতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচল করছে। এটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।আজ রোববার গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস কারখানার ক্যাম্পাসে স্থাপিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (টিটিটিআই) বিআরটিএর ড্রাইভিং প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।টিটিটিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সেনাবাহিনীর অ্যাডজুডেন্ট মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান ও টিটিটিআইয়ের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আছাদুর রহমান খান।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ এ সরকারের আমলেই শেষ করব, তা সঠিক নয়। তবে এর নির্মাণকাজ শুরু করা হবে। কাল্পনিক ও অবান্তর কথা বলা সবার জন্য ক্ষতিকর। অতিকথন কারও জন্যই ভালো নয়। কথার সঙ্গে কাজের মিল না থাকলে আস্থাহীন পরিস্থিতির সৃষ্টি হয়।’আইয়ুবুর রহমান খান বলেন, বিশ্বের অন্যতম দুর্ঘটনাপ্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে প্রতি ১০ হাজার গাড়িতে ৬০টি দুর্ঘটনা ঘটে। ইউরোপ, আমেরিকাসহ উন্নত বিশ্বে এ দুর্ঘটনার সংখ্যা দু-তিনটির বেশি নয়। দুর্ঘটনায় প্রতিবছর পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। বেসরকারি হিসাবে এর সংখ্যা আরও অনেক বেশি। দুর্ঘটনায় প্রতিবছর ক্ষয়ক্ষতি হয় পাঁচ হাজার কোটি টাকা। এর তিন-চতুর্থাংশ টাকা দিয়ে পদ্মা সেতুর মতো সেতু তৈরি করা সম্ভব। দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণও জরুরি।বিআরটিএর চেয়ারম্যান বলেন, পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর কমপক্ষে ৩০-৩৫ হাজার বাস-ট্রাক-কার-মিনিবাস ছাড়াও আরও দেড় হাজারের মতো মোটরসাইকেল ও নানা যানবাহন রাস্তায় সংযুক্ত হচ্ছে। আর এসব গাড়ির চালকদের প্রশিক্ষণের জন্য প্রয়োজন দুই হাজার প্রশিক্ষক। কিন্তু দুঃখের বিষয়, বিআরটিএতে প্রশিক্ষক রয়েছেন মাত্র ৫৪ জন। এ জন্য প্রতিটি জেলায় দুই দিন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।