যানজট কমাতে চীনের একটি উদ্যোগ
যানজট মোকাবিলায় হিমশিম খাচ্ছে চীনের বেইজিং কর্তৃপক্ষ। দিনের ব্যস্ত সময়ে চারদিকে চোখে পড়ে শুধু গাড়ি আর গাড়ি। যানজটের অসহনীয় কষ্ট থেকে মুক্তি পেতে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে চীন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর কিছু সড়কে গাড়ি চালাতে হলে নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হবে চালককে। কর্তৃপক্ষ মনে করছে, এতে জনগণ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে যাতায়াতে উত্সাহিত হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, কোন সড়কে গাড়ি চালাতে কত ফি দিতে হবে—সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তা ছাড়া এ অর্থ কীভাবে সংগ্রহ করা হবে, সে সম্পর্কেও পরিষ্কার কিছু বলেনি তারা।বিবিসির খবরে জানা গেছে, বেইজিংয়ে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৪৮ লাখ। স্থানীয়রা বলছে, কখনো কখনো যানজট এত প্রকট আকার ধারণ করে যে রাস্তায় গাড়ি রাখার মতোও অবস্থা থাকে না।২০০৮ সালে বেইজিং অলিম্পিকের পর থেকেই রাজধানীতে যানজট সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এরই মধ্যে গাড়ি কেনার ব্যাপারে বিধি-নিষেধ আরোপ, পার্কিং ফি বাড়ানো এবং রাস্তাঘাট চওড়া ও পাতাল রেল সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দেশটিতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে গাড়ির মালিক হওয়ার প্রবণতা বাড়ছে। এ কারণেই দেশটিতে গাড়ি বিক্রি বাড়ছে।