যানজট কমাতে ঢাকার চারদিকে নৌপথ চালু করা হবে: নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজধানীর যানজট কমাতে ঢাকার চারদিকে নৌপথ চালুর কাজ চলছে। এ প্রকল্পের আওতায় আশুলিয়া থেকে ডেমরা-কাঁচপুর পর্যন্ত নৌপথের উন্নয়ন করা হবে। ২০১২ সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে। জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ কথা জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় বিকেল সোয়া চারটায়।নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে (২০০৯-১০) দেশের প্রধান নয়টি নদীবন্দর থেকে ২৯ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর মধ্যে সর্বোচ্চ ১২ কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকা আয় হয়েছে ঢাকা নদীবন্দর থেকে। তিনি বলেন, সারা দেশে ২২টি নদীবন্দরের মধ্যে ১১টি নৌবন্দর অতি পুরোনো এবং ১১টি নতুন।শাজাহান খান বলেন, গত অর্থবছরে দেশে ১৪টি স্থলবন্দরের মধ্যে চারটি চালু ছিল। এই চার বন্দর থেকে ২৫ কোটি ছয় লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ১৪টি স্থলবন্দরের স্টোরেজ ফ্যাসিলিটি আরও উন্নয়ন করার পরিকল্পনা সকারের রয়েছে।