যানজট কমাতে নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে রাজধানী ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের আলাদা আলাদা দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট নির্ধারিত দিনে বন্ধ থাকবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিপণিবিতানগুলো সপ্তাহে এক দিন পূর্ণদিবস ও আরেক দিন অর্ধদিবস (বেলা দুইটা পর্যন্ত) বন্ধ থাকবে। এতে রাজধানীর যানজট কমবে এবং বিদ্যুত্ সাশ্রয় হবে বলে মনে করছে সরকার। সরকারের এ সিদ্ধান্ত পরীক্ষামূলক। এ প্রক্রিয়া যানজট নিরসনে সহায়ক হলে তা স্থায়ী হবে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য দেন। দোকানপাট ও বিপণিবিতান আগের মতোই রাত আটটার পর বন্ধ থাকবে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রেস সচিব জানান। সরকারের এ পদক্ষেপে যানজট খুব বেশি নিরসন হবে বলে মনে করেন না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক সারওয়ার জাহান। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, সরকারের এ পদক্ষেপ খুব একটা সহায়ক হবে বলে মনে হয় না। স্থানীয়ভাবে যানজট কিছুটা কমতে পারে। আবার এক এলাকার কিছু একটা অংশ অন্য এলাকার বিপণিবিতানে যেতে পারে। এতে ওই সব এলাকায় যানজট বাড়তে পারে। অঞ্চল-১, শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ: এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে: বাংলাবাজার, পাটুয়াটুলি, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজিরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখাঁরপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।এ অঞ্চলের উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: বাংলাবাজার বইয়ের মার্কেটগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাটারীবাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার, মৌলভীবাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের বাজার, পাটুয়াটুলি ইলেকট্রনিকস অ্যান্ড অপটিক্যাল মার্কেট, নয়ামাটি এক্সেসরিস মার্কেট, শরীফ ম্যানশন, ছোট কাটরা ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, তাঁতীবাজার, নবাবপুর রোডের ইলেকট্রিক ও মেশিনারিজ মার্কেট, নর্থসাউথ রোডের স্যানেটারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়ীয়া মার্কেট, তাঁতীবাজার, গুলিস্তান হকার্স মার্কেট ও সুন্দরবন স্কয়ার মার্কেট। অঞ্চল-২, রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ: এই অঞ্চলে থাকবে: রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মলিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়। উল্লেখযোগ্য বিপণিবিতান: মোল্লা টাওয়ার, আল আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশাররফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড সুপার মার্কেট। অঞ্চল-৩, বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ: এলাকাগুলো হলো: ইস্কাটন, মগবাজার, বেইলি রোড. সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশুপার্ক ঢাকা ও বিশ্ববিদ্যালয় এলাকা এবং নিউমার্কেট। উল্লেখযোগ্য বিপণিবিতান: সেঞ্চুরি আর্কেড, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, বিশাল সেন্টার, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, পলওয়েল সুপার মার্কেট, সিটি হার্ট, জোনাকী সুপার মার্কেট, গাজী ভবন, স্টেডিয়াম মার্কেট ১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়েমেনী মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট। অঞ্চল-৪, মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ: এলাকাগুলো হলো: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, ফার্মগেট, কারওরান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া। উল্লেখযোগ্য বিপণিবিতান: হাতিরপুল বাজার, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্রীন সুপার মার্কেট, ফার্মভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সেজান পয়েন্ট, লায়ন শপিং সেন্টার, নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউ সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক, নূর ম্যানশন, বাকুশাহ মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গ্লোব শপিং, বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং, গাউছুল আজম মার্কেট, এলিফ্যান্ট রোড, রাইফেল স্কয়ার, এ আর এফ শপিং সেন্টার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিং মল, প্লাজা এ আর, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারি প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওরান বাজার ডিআইটি মার্কেট, কাব্যকস সুপার মার্কেট, কিচেন মার্কেট। অঞ্চল-৫, বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ: এলাকাগুলো হচ্ছে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর ও আসাদগেট। এ অঞ্চলের উল্লেখযোগ্য বিপণিবিতান: মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী সুপার মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর স্টেডিয়াম মার্কেট। অঞ্চল-৬, রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ: এলাকাগুলো হচ্ছে: আগারগাঁও, তালতলা, কাজীপাড়া, পল্লবী, মিরপুরের একাংশ, কাফরুল, মহাখালী, ডিওএইচএস, সেনানিবাস, গুলশান, বনানী, নাখালপাড়া ও তেজগাঁও। উল্লেখযোগ্য বিপণিবিতান: বিসিএস কম্পিউটার মার্কেট, পল্লবী শপিং মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, পূরবী সুপার মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, মোহাম্মদীয়া সোসাইটি মার্কেট, সুইডেন প্লাজা, পর্বতা টাওয়ার, তামান্না কমপ্লেক্স, ছায়ানীড় সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, রহমান মার্কেট, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও গুলশান-২, নাভানা টাওয়ার, আলম সুপার মার্কেট, কলোনি বাজার মার্কেট। অঞ্চল-৭, বুধবার পূর্ণ ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ: বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত। উল্লেখযোগ্য বিপণিবিতান: লুত্ফন শপিং টাওয়ার, হাকিম টাওয়ার, হল্যান্ড সেন্টার, নুরুন্নবী সুপার মার্কেট, সুবান্তু নজরভ্যালি, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপ্লেক্স, রাজউক সেন্টার, একতা প্লাজা, মান্নান প্লাজা, বন্ধন প্লাজা, কুশল সেন্টার, এ বি সুপার মার্কেট, আমীর কমপ্লেক্স, লন্ডন প্লাজা, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, মাস্কাট প্লাজা, এস আর টাওয়ার, পুলিশ কো-অপারেটিভ মার্কেট, রাজউক কসমো। ছয়টি রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার: ঢাকায় ছয়টি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হবে। রাজধানীর যানজট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্র জানায়। মন্ত্রিসভার বৈঠকে যানজট নিয়ে দীর্ঘ আলোচনা হয়। যানজট নিয়ে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকে অবৈধ পার্কিং, লক্কড়-ঝক্কড় গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রেলক্রসিংয়ের ওপর দ্রুত ফ্লাইওভার নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। বিদেশি অর্থসংস্থান দেরি হতে পারে বলে দেশীয় অর্থে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী দ্রুত অর্থ ছাড় দেওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নির্দেশ দেন।রাজধানীর ২০টি রেলক্রসিং দিয়ে প্রতিদিন ৮০টি রেলগাড়ি চলাচল করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী, রেলগাড়ি চলাচল করার কারণে রেলক্রসিংয়ে গড়ে পাঁচ মিনিট করে প্রায় সাত ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় শোকরানা: মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শোকরানা প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। ফলে ভবিষ্যতে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল বন্ধ হবে। বৈঠকে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।