যানজট দূর করতে ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার ঢাকা শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য যানজট, বিদ্যুৎ ও পানি সমস্যার মতো ব্যাপারগুলো সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, কেবল রাস্তা কিংবা উড়ালসেতু তৈরি করলেই হবে না, যানজট দূর করার জন্য ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। প্রধানমন্ত্রী আজ রোববার রাজধানীর কুড়িলে ‘কুড়িল-বিশ্বরোড আন্তসংযোগ উড়ালসেতু’ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করতে গিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী যাদের গাড়ি নেই তাদের যাতায়াত, গতিশীল ও আরামদায়ক করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ছোটখাটো কাজের জন্য মানুষ যেন ঢাকা অভিমুখী না হয়, সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেন, যখন দেশে কোনো গণতান্ত্রিক সরকার থাকে না, জোর করে কেউ ক্ষমতায় আসে, তারা নানা উপায়ে ও কৌশলে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, তারা দেশের সাধারণ মানুষের কল্যাণে কিছু করে না। ফলে দুর্ভোগ পোহাতে হয় জনগণকে। বাংলাদেশের বর্তমান সমস্যার জন্য তিনি অতীতের সেই সরকারগুলোকে দায়ী করেন। পূর্বাচল উপশহর প্রকল্পের ৯১.৪৪ মিটার (৩০০ ফুট) প্রশস্ত প্রধান সড়কের সঙ্গে কুড়িল-বিশ্বরোডকে সংযুক্ত করতে এই উড়ালসেতু নির্মাণ করা হচ্ছে। উড়ালসেতুটির দৈর্ঘ্য ৩.২ কিলোমিটার। এর সঙ্গে থাকবে দুই কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক। সেতুটির দুটি লেনের একেকটির গড় প্রস্থ হবে ৬.৮ মিটার। কুড়িল উড়ালসেতুতে চারটি লুপ থাকবে—বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে।কুড়িল উড়ালসেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা। এর মধ্যে চুক্তিমূল্য অর্থাৎ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হবে জমি অধিগ্রহণ ও অন্যান্য খরচ বাবদ। এ সেতু নির্মাণে মোট ১২.৬০ একর জমি অধিগ্রহণ করতে হবে, যার মধ্যে কিছু ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। কুড়িল-বিশ্বরোড আন্তসংযোগ উড়ালসেতু প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।