ঢাকা সিটি করপোরেশন কর্তৃক মহাখালীতে কাঁচামালের মার্কেট নির্মাণের ফলে ভবিষ্যতে যে যানজটের সৃষ্টি হবে, সে বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির ২৫তম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় বর্ষা মৌসুমে রাজধানীর রাজপথ খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াসাকেও নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মো. রহমত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান খসরু, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ অংশ নেন।সভায় রাজউক কর্তৃক ঢাকার সব ভবন নির্মাণের নকশা অনুমোদন করার বিধান থাকলেও সিটি করপোরেশন বিভিন্ন স্থানে মার্কেট নির্মাণের ক্ষেত্রে সেই বিধান অনুসরণ করে কি না কিংবা মার্কেট নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে কি না তা জানতে চাওয়া হয়। এ ছাড়া দোকান বরাদ্দ, নির্মিত দোকানের ২৫ শতাংশ মেয়র কর্তৃক সংরক্ষণের বৈধতা এবং এসব দোকান বরাদ্দের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে কমিউনিটি সেন্টার নির্মাণ ও এর আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে গৃহীত ব্যবস্থা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা সিটি করপোরেশন, রাজউক ও বিআরটিএসহ ঢাকা পুলিশ কমিশনারের দপ্তর থেকে আগামী সভায় এ বিষয়ে লিখিত সুপারিশমালা কমিটিতে উপস্থাপনের কথা বলা হয়।বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে ঢাকা পুলিশ কমিশনার রাস্তার ক্যাপাসিটি অনুযায়ী বিআরটিএ থেকে গাড়ি রেজিস্ট্রেশন প্রদান এবং সিগন্যাল সিস্টেম সচল রাখার স্বার্থে বিদ্যুতের পাশাপাশি সোলার সিস্টেম চালুর প্রস্তাব করা হয়। বৈঠকে যানজট নিরসনে বিআরটিএ থেকে গাড়ি সিএনজিতে কনভারসন বন্ধের প্রস্তাব উপস্থাপন করা হয়।সভায় ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থাপনার ওপর ওয়াসার প্রতিবেদন উপস্থাপন করা হয়।