যানজট নিরসনে ১০ রমজানের পর ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ রমজানের পর রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশনা দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ও দোকান এবং বিপণিবিতানের মালিকেরা। রমজান মাসে রাজধানীর নিরাপত্তা ও যানজট কমাতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে এ অনুরোধ জানানো হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে দোকান ও বিপণিবিতানের মালিকদের সঙ্গে মতবিনিময় করেন মহানগর পুলিশের কর্মকর্তারা। সভায় রমজান মাস ও ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যানজট নিরসন বিষয়ে আলোচনা হয়। পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪০ জন দোকান ও বিপণিবিতানের মালিক অংশ নেন।সভায় সিদ্ধান্ত হয়, ঢাকার ২৩০টি মার্কেটে পুলিশ, র্যাব ও মার্কেট কমিটি সমন্বিতভাবে নিরাপত্তা রক্ষায় কাজ করবে। প্রতিটি মার্কেটে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত হয়। রাস্তায় ও মার্কেটের সামনে ভাসমান ব্যবসায়ীদের বসতে দেওয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। এ সময় টেলিফোনে চাঁদাবাজির খবর গোয়েন্দা পুলিশকে জানাতে এবং ছিনতাই রোধে বেশি টাকা বহনের সময় পুলিশের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। যানজট হ্রাসের জন্য ১০ রমজানের পরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন পুলিশ ও ব্যবসায়ীরা। এ ছাড়া ঢাকার বাইরে থেকে রিকশা, ভ্যানগাড়ি, হিউম্যান হলার ইত্যাদি ঢাকায় ঢুকতে না দেওয়া, মার্কেটের সামনের রাস্তায় গাড়ি পার্কিং না করা, প্রয়োজনে মার্কেটের সামনের রাস্তা ওয়ানওয়ে করার সিদ্ধান্ত হয়েছে।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যতালিকা করে তা বিভিন্ন মার্কেটে বিতরণ ও তদারকি করবে পুলিশ।