যানজট নিরসনে ২৫৫টি সিএনজিচালিত বাস কেনা হবে
যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) জন্য ২৫৫টি সিএনজিচালিত বাস কিনবে সরকার। দক্ষিণ কোরিয়ার ঋণ সহায়তায় কেনা সিএনজিচালিত এ বাসের মধ্যে ১৫০টি হবে এসি এবং ১০৫টি নন-এসি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। বৈঠক শেষে বাস কেনার দরপ্রস্তাব অনুমোদনের কথা উল্লেখ করে রাজধানীর যানজট নিরসনে প্রাইভেটকারের ওপর বিধিনিষেধ আরোপের চিন্তার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘তবে এটা করার আগে সরকার অবশ্যই পর্যাপ্ত বাসের ব্যবস্থা করবে। সরকার যখন মনে করবে ঢাকার রাস্তায় পর্যাপ্ত জনপরিবহন রয়েছে, ঠিক তখনই প্রাইভেটকার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।’ সূত্র জানায়, বাস কিনতে ব্যয় হবে ২১১ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে ঋণ সহায়তার পরিমাণ ১১২ কোটি ১০ লাখ টাকা। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে কোরিয়ার মেসার্স দাইয়ু ইন্টারন্যাশনাল করপোরেশন বাসগুলো সরবরাহ করবে।অর্থমন্ত্রী আরও বলেন, ‘একটি প্রাইভেটকারে যাত্রী চার-পাঁচজন না হলে তা রাস্তায় চলতে পারবে না। রাজধানীর বেশকিছু রাস্তায় প্রাইভেটকার চলাচল করতেও দেওয়া হবে না। তবে কবে নাগাদ এ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, এটা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যানজট। বাকি যে অভিযোগগুলো বিএনপি করে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন (টোটালি ভোগাস)।’এ ছাড়া, ক্রয় কমিটির বৈঠকে খাদ্য মজুদ বাড়াতে এক লাখ টন গম ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর কাজ পেয়েছে কোরিয়ার দাইয়ু করপোরেশন, ভারতের মেসার্স এমসন্স ইন্টারন্যাশনালের স্থানীয় এজেন্ট এশিয়ানেট ইন্টারন্যাশনাল, ফনিক্স কমোডিটিজ প্রাইভেট লিমিটেড। অন্যদিকে ৯৫০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে রেলওয়ে বিভাগের পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বাংলাদেশ রেলওয়ের পাঁচুরিয়া-ফরিদপুর-ভাঙ্গা সেকশনের পুনর্বাসন ও নির্মাণের দুটি প্রকল্প, পার্বতীপুর-কাঞ্চন-পঞ্চগড়-ও কাঞ্চন-বিরল মিটারগেজ সেকশনকে ডুয়েল গেজে এবং বিরল বর্ডার সেকশনকে ব্রডগেজে রূপান্তর ও পুনর্বাসনের তিনটি প্রকল্প। বৈঠকে ঢাকার ডেমরায় নবনির্মিত শহীদ সুলতানা কামাল সেতু, মোহাম্মদপুরের বসিলায় নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতুর অতিরিক্ত ব্যয় ও সেতু দুটির পরামর্শক প্রতিষ্ঠানের অতিরিক্ত সেবাসংক্রান্ত তিনটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০ কোটি ৯৬ লাখ টাকা। তবে ঢাকার মিরপুরে আনন্দনগর আবাসিক প্রকল্প নির্মাণ শীর্ষক একটি প্রকল্প ফেরত দিয়ে সংশোধন করে পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।