রাস্তায় বের হলেই সামনে থেমে থাকা গাড়ির জটলা দেখে আপনার যা মনে হয়, তেমন ভাবনা সবার মধ্যেই একটু-আধটু আছে। কেমন সেটা? সেটা হলো, আমি যদি সুযোগ পেতাম তবে এই জ্যাম নামের যন্ত্রণাটাকে হাওয়ায় মেশাতাম। কিন্তু কীভাবে? নতুন কোনো পরিকল্পনা আছে মাথায়? লেন ভাগ করা, সিসি টিভি ব্যবহার করা—সবই তো হলো। এবার নতুন দিশের দিশা দিলে ভালো হয়! আর তাহলেই হয়তো সম্ভব হবে এই যন্ত্রণাটা সমাধা করা। হয়তো একটা নতুন দিশার সন্ধান পাবেন যদি এই অদ্ভুত আইনটি শোনেন। আইনটি তৈরি হয়েছে ফিলিপাইনে। ফিলিপাইনের আইন অনুসারে সেখানে কোনো গাড়ির লাইসেন্স প্লেটের অক্ষরটা যদি ১ অথবা ২ দিয়ে শেষ হয়, তবে সেই গাড়িটি রাস্তায় সোমবারে থাকার অনুমতি পাবে না। আবার যদি সেটা ৩ বা ৪ দিয়ে শেষ হয় তাহলে মঙ্গলবার গাড়িটাকে থাকতে হবে ঘরেই। ৫ ও ৬ যাঁদের গাড়ির লাইসেন্স প্লেটের শেষ অক্ষর, তাঁরা তাঁদের গাড়ি নিয়ে বেরোবেন না বুধবার। বৃহস্পতিবারে রাস্তায় থাকবে না সেসব গাড়ি, যেগুলোর লাইসেন্স প্লেটের শেষে রয়েছে ৭ ও ৮। আর ৯ ও ০ যাঁদের গাড়ির লাইসেন্স প্লেটের শেষ নম্বর, তাঁরা বাড়িতেই থাকেন শুক্রবারে। তো কী মনে হয়? ফিলিপাইনের এই আইনটা যে নতুন পরিকল্পনাটা দিল, তা কি কাজ দেবে এই বাংলাদেশে?