যানজট নিয়ন্ত্রণে লাঠি হাতে পুলিশ থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নগরের সিটি গেট থেকে দাউদকান্দির ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ ১৯২ কিলোমিটার মহাসড়কে আজ রোববার সকাল থেকে প্রায় ৬০০ লাঠিধারী পুলিশ ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রতি এক কিলোমিটার দূরত্বে থাকবে তিনজন করে পুলিশ। ঈদে ঘরমুখো মানুষের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ এই বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়।সূত্রমতে, আগামী বুধবার চট্টগ্রামে প্রধানমন্ত্রীর চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার কথা। এ জন্য নগর পুলিশের অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে এসব পুলিশ আনার সিদ্ধান্ত হয়। এ কারণে ঈদের ছুটির সময় মহাসড়কের যান চলাচল নিয়ন্ত্রণে যে ৮০০ পুলিশ মোতায়েনের পরিকল্পনা ছিল, তা স্থগিত করা হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছিলেন। এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।একটি দায়িত্বশীল সূত্র জানায়, মহাসড়ক থেকে পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি অগ্রাধিকার ভিত্তিতে মহাসড়কে পুলিশ মোতায়েনের নির্দেশনা দেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দপ্তর থেকে গতকাল শনিবার এই নির্দেশনা পাওয়ার পর চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা—তিন জেলার পুলিশ নিজেদের এবং বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশের সহায়তা নিয়ে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ নিয়োগের ব্যবস্থা করে।ডিআইজি আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, সর্বশেষ খবর হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে লাঠিধারী পুলিশ মোতায়েন হচ্ছে। তিন জেলার পুলিশ সুপারদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশও এ কাজে সহায়তা দেবে। তিনি বলেন, আগে একবার ৮০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে পরে তা বাতিল করা হয়েছিল।জানা গেছে, সড়কের ধারণক্ষমতার বেশি ওজনবাহী পণ্যসামগ্রী নিয়ে বড় বড় ট্রাক-লরি চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম নগর থেকে ফেনীর শুভপুর (ধুম) পর্যন্ত অংশে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের কোনো কোনো অংশ দেবে গেছে কিংবা উঁচু হয়ে গেছে। এ কারণে গাড়িগুলোর গতি কমে আসায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। আবার মহাসড়কের কোনো অংশে সৃষ্ট গর্তে পড়ে ভারী ট্রাক কিংবা লরি বিকল হয়ে গেলে তীব্র যানজট লেগে যায়।পুলিশ সূত্র জানায়, ঈদে ঘরমুখো মানুষ যাতে এ ধরনের যানজটে আটকে থেকে ভোগান্তিতে না পড়ে, সে জন্য মহাসড়কে পুলিশ মোতায়েন হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী সব পুলিশের হাতে লাঠি থাকলেও অনেকের গায়ে থাকবে আলো বিচ্ছুরণকারী (রিফ্লেক্টিং) লাল রঙের বেল্ট। এ ধরনের বেল্টধারী পুলিশ রাতে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন।চট্টগ্রাম থেকে ধুম পর্যন্ত ৬৩ কিলোমিটার অংশে পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, রোববার ভোর থেকে পুলিশ রাস্তায় নেমে যাবে।জানা গেছে, বিকল হওয়া গাড়ি দ্রুত অপসারণে আটটি রেকার ব্যবহার করা হবে। পাশাপাশি বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানও চলবে।পুলিশ কর্মকর্তারা মনে করেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লে অনেক লক্কড়ঝক্কড় গাড়ি রাস্তায় নামে। এসব যানবাহন রাস্তার মাঝপথে বিকল হয়ে যানজট সৃষ্টি করে। পুলিশ এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।