যানজট নেই, তবু ধীরগতি পোস্তগোলা সেতু পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ যানজট নেই, তবে যানবাহনগুলো এগোচ্ছে ধীরগতিতে। মাঝেমধ্যে থেমেও যাচ্ছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর জুরাইনে দেখা গেছে এ দৃশ্য। এটি রাজধানীতে প্রবেশের অন্যতম পথ। পোস্তগোলার বুড়িগঙ্গা প্রথম সেতু দিয়ে চলাচলকারী যানগুলোকে এ পথ ব্যবহার করতে হয়।রাস্তা ভালো হলেও এ পথে গতকাল যে ধীরগতি দেখা গেছে, তার কারণ বাড়তি যানবাহনের চাপ, বাস বা অন্যান্য যান রাস্তায় দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো, রেলক্রসিং, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড, ফুটপাত ছাড়িয়ে রাস্তার একাংশে দোকান চলে আসা, মানুষ ও যান পারাপারে নিয়মের তোয়াক্কা না করা ইত্যাদি। এলাকাবাসী, পরিবহনকর্মী, যাত্রী ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, এখনো পরিস্থিতি সহনীয়। তবে এসব দিকে নজর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে এ পথ ব্যবহার করা ঈদে ঘরমুখী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হতে পারে।রাজধানী থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা ও বৃহত্তর বরিশালের যানগুলো মাওয়া ফেরীঘাটে যেতে পোস্তাগোলা-জুরাইন সড়ক ব্যবহার করে। দুপুরে জুরাইন রেলগেটে মাওয়াগামী একটি বাসের যাত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা হয়। বায়িং হাউসের কর্মকর্তা সালাউদ্দিন জানান, ২৭ রোজা থেকে যানজট ভয়াবহ হতে পারে। তাই ভোগান্তি এড়াতে একটু আগেভাগেই গ্রামের বাড়ি শরীয়তপুরে যাচ্ছেন।পরিবহনকর্মীদেরও ধারণা, আজ মঙ্গলবার থেকে ঈদে বাড়িমুখী যাত্রীদের চাপে এ সড়কেও যান বাড়বে। তবে ট্রাফিক পুলিশ দাবি করেছে, অন্যান্য বছরের তুলনায় যানজট এবার কম। সামনের দিনগুলোতে যানজট বাড়লেও তা নিরসনে তাদের পরিকল্পনা আছে।জুরাইন রেলগেট থেকে অল্প দূরে পোস্তগোলা সেতু। কিন্তু এ পথটুকু পার হতেই সময় লাগে অনেকক্ষণ। কারণ, রেলগেটের কাছেই দু-তিনটি রাস্তা এসে মিলেছে প্রধান সড়কে। ওই রাস্তাগুলো হলো কমিশনার রোড, রেলগেট সড়ক ও বউবাজার সড়ক। এসব রাস্তা থেকে আসা রিকশা ও অন্যান্য যান প্রধান সড়ক অতিক্রম করে জুরাইন নতুন রাস্তায় ঢুকছে বা দোলাইরপাড়-যাত্রাবাড়ীর দিকে যাচ্ছে। এ ছাড়া জুরাইন নতুন রাস্তা দিয়ে পোস্তগোলাগামী যানবাহনও মোড় অতিক্রম করছে। যত্রতত্র বাস থেকে যাত্রী তুলছে-নামাচ্ছে। সিগন্যাল অমান্য করার প্রবণতায় প্রায়ই সেখানে জট বাঁধে। আছে রাস্তা পারাপারে মানুষের অসচেতনতা। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী ট্রেন দিন-রাত মিলিয়ে ৩২ বার ওই রেলগেট অতিক্রম করে। প্রতিবার ট্রেন অতিক্রম করার সময় কয়েক মিনিট বন্ধ থাকে যান চলাচল। আর এর প্রভাব থাকে অনেকক্ষণ।রেলগেট পেরিয়ে কিছু দূর এগোতেই ডায়না সিনেমা হলের সামনে রাস্তার ওপর চোখে পড়ে অটোরিকশা স্ট্যান্ড। এটি অবৈধ স্ট্যান্ড বলে পুলিশ নিশ্চিত করেছে। এই স্ট্যান্ডের কারণেও যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। সেখান থেকে পোস্তগোলা সেতু পর্যন্ত বাস থামিয়ে যাত্রী তোলার দৃশ্য চোখে পড়ল। এ কারণে পেছনে যানবাহনের গতি ধীর হয়ে গেলেও কারও ভ্রুক্ষেপ নেই।রেলক্রসিংয়ের কাছের একটি কনফেকশনারির মালিক তাওহিদ হোসেন বলেন, এখানে একটা পদচারী সেতু করা হলে সমস্যা অনেক কমত। কিন্তু এ নিয়ে কারও মাথাব্যথা নেই।ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী তোলা বাসচালকদের বদস্বভাব। আজও (সোমবার) আমি একটি বাস আটক করেছি। কিন্তু যাত্রীদের কথা ভেবে এখন থামিয়ে চেক করছি না। এতে যাত্রীরা বিরক্ত হয়।’ঢাকা ট্রাফিক পুলিশের উপকমিশনার (পূর্ব) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বুধবার থেকে রাস্তায় গাড়ি বাড়বে। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি।’ কী পরিকল্পনা আছে, জানতে চাইলে তিনি জানান, পরিস্থিতি খুব খারাপ হলে সায়েদাবাদে ইউ টার্ন বন্ধ করে ইত্তেফাক হয়ে মতিঝিল দিয়ে গাড়ি পারাপারের ব্যবস্থা করা হবে।গতকাল পোস্তগোলা সেতু পেরিয়ে মাওয়া পর্যন্ত যেতে মহাসড়কে কোনো যানজট পাওয়া যায়নি। ফেরিঘাটেও যানজট ছিল না।