পুরান ঢাকার নবাবপুর রোডে একটি রিকশাভ্যানকে ঘিরে জটলা। জটলার মধ্যমণি নবাবপুর সড়কের দোকানমালিক মহসীন আলী। তিনি ভ্যানটির চাকার হাওয়া ছাড়তে ব্যস্ত। একে একে তিনটি চাকার হাওয়া ছাড়ার পর তিনি ক্ষান্ত হলেন। ভ্যানচালকের কোনো আকুতি-মিনতির ধার ধারলেন না। সড়কটিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগেরও তেমন তৎপরতা নেই। তাই দোকানি মহসীন আলী নিজেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলেন বলে জানান আরেক দোকানি আবদুর রহমান ঢালী।খোঁজ নিয়ে জানা গেল, সরকারি নির্দেশে এই সড়ক একমুখী চলাচলের জন্য নির্ধারিত। কিন্তু এখানকার ব্যবসায়ী কিংবা বাসিন্দা কেউই আদেশটি মেনে চলেন না। মানেন না রিকশাভ্যানচালকেরাও। ফলে যানজট এখানকার নিত্যসঙ্গী।যানজটে নাকাল নবাবপুর রোডের ব্যবসায়ী ও বাসিন্দারা। কর্তৃপক্ষের নীরবতা দেখে যানজট কমাতে সম্প্রতি নিজেরাই উদ্যোগ নিয়েছেন। এর শুরু হয় দোকান মালিক সমিতির সাঁটানো একটা নির্দেশাবলি থেকে।নবাবপুর দোকান মালিক সমিতির পক্ষ থেকে নবাবপুরের প্রতিটি দোকানঘরে সাঁটানো হয়েছে সেটি। তাতে ব্যবসায়ীদের উদ্দেশে নবাবপুরকে যানজটমুক্ত করতে দেওয়া আছে নির্দেশনামা। সড়কের ওপর যত্রতত্র রিকশাভ্যান, ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মোটরসাইকেল পার্কিং করতে নিষেধ করা হয়েছে। আর সরকারি সিদ্ধান্ত অনুসারে সড়কের একমুখী ব্যবহারের নিয়ম মেনে চলতে বলা হয়েছে।নবাবপুর সড়কের যানজট কমানোর উদ্যোগ নিয়ে কথা হয় নবাবপুর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘স্পষ্ট সরকারি একটি নির্দেশনামা তো রয়েছেই। এর পরও সমিতির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা নিয়ে নিজেদের মতো করে যতটুকু সম্ভব যানজট নিরসনে কাজ করে যেতে হচ্ছে।’