যানজটমুক্ত রাজধানী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকাকে যানজটমুক্ত, জলাবদ্ধতাবিহীন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বনানীর আর্মি স্টেডিয়ামে ঢাকা উড়াল সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।উদ্বোধন ঘোষণার আগে প্রধানমন্ত্রী ৩২ কিলোমিটার দীর্ঘ (সংযোগসহ) উড়াল পথের ফলক উন্মোচন করেন। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে আট হাজার ৭০৩ কোটি টাকায় উড়াল সড়ক প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি এ প্রকল্পের বিনিয়োগকারী। উড়াল সড়কটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, সাতরাস্তা, মগবাজার ও কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষে টঙ্গী রেলক্রসিংয়ে শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু নির্মাণ করা হয়েছে। গুলিস্তান-যাত্রাবাড়ী ও কুড়িলে দুটি ফ্লাইওভার এবং সেনানিবাসের ওপর দিয়ে মিরপুর থেকে বনানী পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। ঢাকার ওপর চাপ কমানোর লক্ষ্যে ঢাকা উড়াল সড়কটিও উত্তরে গাজীপুর এবং দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক কম। তাঁর সরকার পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণে জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী নাগরিকদের আইন মানা এবং সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেকে রাস্তা পারাপারের ক্ষেত্রে আইন মানে না, ফলে দুর্ঘটনায় পড়ে। আর দুর্ঘটনা ঘটলে চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করে। চালকের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আছে। শেখ হাসিনা সবাইকে বিদ্যুত্ ও পানি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারি অফিসের অনেক বড় কর্তা নিজ হাতে সুইচ অফ করতে চান না। অনেকের কক্ষে এমনভাবে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) চালানো হয় যে ঠান্ডা-সর্দি হয়ে যায়। তবু এসি বন্ধ হয় না। আমি নিজ হাতে সুইচ অফ করি। এসিও খুব কম চালাই। তাই অন্যরাও এটা করলে খুশি হব।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও থাই ট্রেডের প্রেসিডেন্ট কিয়াত সিত্তয়ামোর্ন, ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান প্রেম চাই কর্নাসুঠি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।