‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজের জন্য যানবাহনগুলো বিকল্প পথে চলছে। এতে চাপ বাড়ছে, ওয়ারীর অলিগলিতে সৃষ্টি হচ্ছে যানজট।’ বলছিলেন ওয়ারীর চণ্ডীচরণ বোস স্ট্রিটের বাসিন্দা সাঈদ আরমান।একই অভিযোগ লারমিনি স্ট্রিটের বাসিন্দা রওশন আরার। তিনি বলেন, টিকাটুলী থেকে গুলিস্তান যাওয়ার প্রধান সড়ক হলো টয়েনবি সার্কুলার রোড, জয়কালী মন্দির রোড হয়ে বঙ্গভবন ঘেঁষে থাকা সড়কটি। কিন্তু ফ্লাইওভার নির্মাণকাজের জন্য সড়কের বেশির ভাগ অংশ আটকে আছে। অল্প জায়গা দিয়ে যান চলতে পারছে। আবার দিনের বেশির ভাগ সময়ে সেখানে যাত্রীবাহী বাস থাকে। ফলে রিকশা, অটোরিকশাচালকেরা ওয়ারীর ভেতরে ঢুকে পড়ছেন। এতে এলাকার গলিতে সৃষ্টি হচ্ছে যানজট।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ওয়ারীর চণ্ডীচরণ বোস স্ট্রিট, লারমিনি স্ট্রিট, ওয়্যার স্ট্রিট আর ফোল্ডার স্ট্রিটের বাসিন্দাদের ব্যক্তিগত গাড়িগুলো মূল সড়কে আসতে বেগ পাচ্ছে। গলিপথ আর মূল সড়কের সংযোগস্থলে গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওয়্যার স্ট্রিটের বাসিন্দা শাহেদ আহমেদ জানান, ব্যক্তিগত গাড়ি নিয়ে টিকাটুলী কিংবা গুলিস্তানের দিকে যেতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তাই ওয়ারীর বাসিন্দাদের অনেকেই এখন ধোলাইখাল, নারিন্দা আর টিপু সুলতান রোড ধরে চলাচল করছে।এদিকে ওয়ারী এলাকায় রয়েছে বেশকিছু ফ্যাশন হাউস ও কিন্ডারগার্টেন স্কুল। বেশির ভাগ প্রতিষ্ঠানেরই গাড়ি রাখার জায়গা নেই। ফলে কেনাকাটা করতে আসা এবং স্কুলে আসা অভিভাবকদের যানজটে নাকাল হতে হচ্ছে। সাতরওজার বাসিন্দা নওরীন আক্তার জানান, প্রতিদিন ওয়ারীর একটি কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চা নিয়ে আসতে হয়। স্কুলে আসার সময় একটু আগ থেকে বের হতে হয়। ফ্লাইওভার এলাকায় যানজটের জন্য গুলিস্তান হয়ে বাড়ি ফিরতেও যানজটে ভুগতে হয়।ওয়ারীর গলিগুলোয় যানজট কমাতে ট্রাফিক পুলিশ দরকার বলে জানান ওয়ারীর একাধিক বাসিন্দা। ওয়ারী পুলিশ ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী জানান, ওয়ারীতে যানজট কমাতে মূল সড়ক আর গলিপথে অন্তত একজন করে কর্মী দরকার। ফাঁড়ির পুলিশ যতটুকু সম্ভব নিজে থেকেই যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ট্রাফিক বিভাগ-পূর্ব) এ কে এম আওলাদ হোসেন বলেন, যে লোকবল আছে, তা দিয়ে তারা যানজট কমাতে কাজ করছেন। নির্মাণাধীন উড়ালসেতুর স্তম্ভের কাজ হয়ে গেলে বন্ধ সড়কগুলোয় যান চলাচল শুরু হবে। তখন যানজট কমবে। এ জন্য ওয়ারীবাসীকে আরও মাস ছয়েক অপেক্ষা করতে হবে। ওয়ারীর যানজটের দুর্ভোগে অভিযোগ নম্বর: ০১৭১৩৩৭৩২২৭, ৯৫৭২২২৯ (ডিসি-ট্রাফিক-পূর্ব, ডিএমপি)