যানজটে অতিষ্ঠ পাবনা পৌরবাসী
নিয়ন্ত্রণহীনভাবে ব্যাটারি চালিত অটোরিকশা বৃদ্ধি ও অবৈধভাবে শহরের সব ফুটপাত ব্যবসায়ীরা দখলে রাখায় পাবনা শহর চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত যানজটে শহরবাসী অতিষ্ঠ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ভোগান্তি থেকে শহরবাসীকে রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না। অভিযোগ রয়েছে, এসব অটোরিকশা ও ফুটপাত দখলদারদের কাছ থেকে পুলিশ ও প্রশাসন নিয়মিত মাসোহারা পায়। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।পৌরসভা সূত্র জানায়, পাবনা শহরের মোট আয়তন ১৮ দশমিক ৬৪ বর্গ কিলোমিটার। পৌরসভায় ১৫টি ওয়ার্ড ও ৩৪টি মহল্লা রয়েছে। শহরটির মূল সড়ক হচ্ছে আবদুল হামিদ সড়ক। পাবনা সদর থানা থেকে ঈন্দারা মোড় ও নিউমার্কেট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক কিলোমিটার এলাকা নিয়েই এই শহরটি। ছোট্ট এই শহরে পৌরসভার লাইসেন্সধারী রিকশা রয়েছে প্রায় আট হাজার। এর বাইরে লাইসেন্সবিহীন রিকশা রয়েছে আরও প্রায় পাঁচ হাজার। এ ছাড়া বাইসাইকেল, মোটর বাইক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত পরিবহন রয়েছে আরও প্রায় সাড়ে আট হাজার। এই পরিমাণ যানবাহন নিয়ে তিন বছর আগে থেকে শহরে যানজটের যন্ত্রণা দেখা দেয়। এর সঙ্গে গত ছয় মাস আগে থেকে নতুন করে যোগ দেয় ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার ঝামেলা।জেলা ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সূত্র জানায়, পাবনা শহরে বর্তমানে প্রায় সাড়ে ৫০০ ব্যাটারি চালিত অটোরিকশা ও ২৮০টি সিএনজি চালিত অটোরিকশা চলছে। প্রতিদিনই এই সংখ্যার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে আরও দুই থেকে তিনটি ব্যাটারি অথবা সিএনজি অটোরিকশা। শহরের সিএনজি অটোরিকশা ব্যবসায়ী জয়নাল আবেদিন জানান, সিএনজি অটোরিকশা চলানোর জন্য একটি নীতিমালা থাকলেও ব্যাটারি চালিত অটোরিকশার জন্য এখনো কোনো নীতিমালা হয়নি। ফলে শহরে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। কম টাকায় বেশি রোজগারের আশায় অনেক বেকার যুবক একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে শহরে নেমে পড়ছেন। অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী এহসান জানান, পাবনা শহরে ব্যাটারি ও সিএনজি অটোরিকশার সংখ্যা প্রতিদিন বাড়লেও এর জন্য কোনো নীতিমালা তৈরি হয়নি। এমনকি এই অটোরিকশাগুলোর দাঁড়ানোর মতো স্ট্যান্ডও নেই শহরে। ফলে বিভিন্ন স্থানে এলোমেলোভাবে অটোরিকশাগুলো দাঁড়িয়ে থাকায় শহরে যানজট বাড়ছে। অটোরিকশা মালিক ও চালক সমিতি নির্দিষ্ট স্ট্যান্ডের দাবিতে এরই মধ্যে দুই দফা পৌরসভা চেয়ারম্যান ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। কিন্তু কোনো লাভ হয়নি। অটোরিকশা চালক আফজাল হোসেন অভিযোগ করেন, নির্দিষ্ট স্ট্যান্ড এবং নীতিমালা থাকলে শহরের যানজট কমে যাবে। কিন্তু প্রশাসন তা চায় না। কারণ, যানজট থাকলে প্রশাসনের ফায়দা লোটা সহজ হয়। শহরের গাছপাড়া, হাসপাতাল বাইপাস, টার্মিনাল, টেকনিক্যাল মোড়, মোজাহিদ ক্লাব মোড়, পুলিশ লাইন ও ঘোরাস্ট্যান্ড মোড়সহ বেশ কিছু জায়গায় পুলিশ দালাল দিয়ে চাঁদা আদায় করে। প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নেওয়া হয়।এদিকে বেশ কয়েকবার দখলমুক্ত করা হলেও পুনরায় শহরের ফুটপাতগুলো দখল হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফুটপাত দখলদার জানান, ব্যবসা করার জন্য তাদের প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা চাঁদা দিতে হয়। এর মধ্যে যার দোকানের সামনে বসা হয় তাকে দিতে হয় প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা। আর ১০ থেকে ৩০ টাকা করে নেয় পুলিশের লোকজন। অনুসন্ধানে জানা যায়, আবদুল হামিদ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে আছেন প্রায় ২০০ ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে প্রতিদিন শহর পুলিশ পাঁচ থেকে সাত হাজার টাকা পায়। নাম প্রকাশ না করার শর্তে একজন ট্রাফিক পুলিশ জানান, শহরের ফুটপাত থেকে সংগৃহীত টাকায় প্রতিদিন পুলিশ সুপারের কার্যালয়ে মাম মিনারেল ওয়াটার সরবরাহ করা হয়। এ ছাড়া সদর থানা ও পৌরসভার কিছু কর্মকর্তাও নিয়মিত এই টাকার অংশ পান।শহরের বাসিন্দা রাজিউর রহমান বলেন, প্রশাসনের কর্মকর্তারা তো ফুটপাত দিয়ে চলাচল করেন না। তাই ফুটপাত দখলে থাকলে তাদের কিছু আসে-যায় না। বরং চাঁদা তোলার সুবিধা হয়। কিন্তু ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। এদিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান পুলিশের মাসোহারা নেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা ও অটোরিকশা নিয়ন্ত্রণ পুলিশের একার কাজ নয়। পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ না থাকলে এটি সম্ভব হবে না।পুলিশ সুপার জামিল আহম্মেদ তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে বলেন, ‘আমি কখনো মাম পানিই খাই না। আমার নাম ব্যবহার করে কেউ এ কাজ করতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তা ছাড়া ফুটপাত থেকে চাঁদা সংগ্রহে যদি কোনো পুলিশ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’পৌর মেয়র কামরুল হাসান বলেন, ‘পৌরসভা একা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে নিতে পারবে না। জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগকে এগিয়ে আসতে হবে। আগামী আইনশৃঙ্খলা বৈঠকে আমি বিষয়টি উত্থাপন করব।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন বলেন, ‘এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেকবার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। আমরা দখলমুক্ত করতে পারি। কিন্তু আমাদের নিজস্ব ফিল্ড ফোর্স না থাকায় দখলমুক্ত রাখার দায়িত্ব নিতে পারি না।’