যানজটে অতিষ্ঠ যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার প্রশস্ততা বাড়ছে না, প্রতিনিয়ত বাড়ছে গাড়ির সংখ্যা। যানবাহনগুলো আইন-কানুনের তোয়াক্কা করছে না। যত্রতত্র ও এলোপাতাড়ি গাড়ি থামিয়ে পেছনের গাড়ির চালকদের বিভ্রান্ত করা হচ্ছে। গাড়ি রাখা হচ্ছে যেখানে-সেখানে। মূল রাস্তার ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাত্রীসাধারণের অসুবিধা সৃষ্টি হচ্ছে। রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট থাকায়ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এসব কারণে সৃষ্টি হচ্ছে যানজট। এলাকাবাসী জানায়, বিভাগীয় নগর সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার জন্য গাড়িই হচ্ছে প্রধান অবলম্বন। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব গাড়িতে যাতায়াত করে। কদমতলী বাসস্ট্যান্ড থেকে প্রায় দুই শতাধিক গাড়ি জকিগঞ্জের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। অধিকাংশ গাড়িতে কয়েক বছরের পুরোনো মেশিন লাগানো, গাড়িতে গতি নেই। পুরোনো লক্কড়ঝক্কড় যানবাহনে বিআরটিএ কড়াকড়ি নজরদারি না করায় প্রায়ই মেশিনগুলো নষ্ট হয়ে যাওয়ায় গাড়িগুলো মাঝ রাস্তায় আটকে থাকে। ফলে পড়তে হয় যানজটের দুর্ভোগে। সরেজমিনে দেখা গেছে, জকিগঞ্জ সড়কের দুই পাশে বসানো হয়েছে অবৈধ দোকানপাট। খোলা আকাশের নিচে বেশির ভাগই সবজি, মসলা, ফল, পোশাক, জুতা, হোটেল ও চায়ের দোকান অবৈধভাবে গড়ে উঠেছে। এসব দোকানপাটের কারণে গাড়ি চলাচল করতে সমস্যার সৃষ্টি হয়। এসব দোকানই যানজট বিড়ম্বনার অন্যতম কারণ। প্রতিকার চেয়ে বাস চালকেরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও আজ পর্যন্ত চালানো হয়নি কোনো উচ্ছেদ অভিযান। সেতুগুলো সরু হওয়াও যানজটের অন্যতম কারণ। আটগ্রাম এলাকার হোসেন বলেন, ‘একবার যানজট লাগলে তা থেকে বের হতে কয়েক ঘণ্টা লাগে। দুর্ভোগের যেন সীমা নাই। অথচ রাস্তা ও সেতুগুলো আরেকটু প্রশস্ত করলেই এ অবস্থা থেকে আমাদের মুক্তি মিলত।’