যানজটে আটকা পড়লেন স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট চলছে। যানজটে কিছু সময়ের জন্য আটকা পড়েন স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী। দাউদকান্দি হাইওয়ে পুলিশ, যানবাহনের চালক ও যাত্রীরা জানান, যানবাহনের চাপ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি টোলপ্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। রাতেও যানজট চলছে। দুপুর দুইটার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শন করতে যান। এ সময় দাউদকান্দির বারপাড়ায় যানজটে আটকা পড়েন তিনি। প্রায় সোয়া এক ঘণ্টা যানজটে আটকা থাকেন তিনি। প্রায় একই সময়ে চাঁদপুরের কচুয়া যাওয়ার পথে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও কিছু সময়ের জন্য যানজটে আটকা পড়েন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।যানজটে দুর্ঘটনায় নিহত ১যানজট চলাকালে দাউদকান্দি উপজেলার তালতলী গ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি ট্রাক। এ সময় অটোরিকশার একজন যাত্রী নিহত ও দুজন আহত হন। নিহত যাত্রীর নাম ফিরোজা সরকার (৫৫)। আহত যাত্রীরা হলেন অহিদা আক্তার ও তাঁর এক বান্ধবী। তাঁরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় দাউদকান্দির তালতলীতে যাচ্ছিলেন।