যানজটে থমকে যায় সিলেট নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়তনের তুলনায় জনসংখ্যার আধিক্য রয়েছে সিলেট মহানগরে। ২৬ দশমিক পাঁচ বর্গকিলোমিটার আয়তনের এই নগরে দুই লাখেরও বেশি ছোট-বড় যানবাহন চলাচল করে। এর মধ্যে নগরে অটোরিকশা আর রিকশাই চলে বেশি। সিলেট মহানগরে উন্নীত হওয়ার পর ট্রাফিক পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হলেও খাতাপত্র আর বাস্তবে রয়েছে বিস্তর ফারাক। মহানগরে যানবাহন চলাচল পরিস্থিতির ওপর নজরদারি রাখতে ২০ জন সার্জেন্ট থাকার কথা থাকলেও আছেন মাত্র আটজন, তিনজন পরিদর্শকের বিপরীতে মাত্র একজন এবং ২০০ জন কনস্টেবলের মধ্যে আছেন মাত্র ৮৪ জন। নগরে চলাচলকারী যানবাহনের প্রায় অর্ধেকই মেয়াদোত্তীর্ণ, অবৈধ। তদারককারী প্রতিষ্ঠানগুলোর দায়সারা ভূমিকা এবং জনসংখ্যার আধিক্যে নগরজীবনে অন্যান্য সমস্যার পাশাপাশি প্রকট হয়ে উঠেছে যানজট সমস্যাও। অথচ এ সমস্যা প্রতিকারে নেই কোনো উদ্যোগ। ফলে এ সমস্যায় প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে নগরবাসীকে। নানা পর্যালোচনা ও প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে এবারের প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।লামাবাজার থেকে জিন্দাবাজারমুখী সড়কে শত শত যানবাহন। শতাধিক রিকশা-সিএনজিচালিত অটোরিকশা-প্রাইভেট গাড়ি থমকে আছে। রিকশারোহী আল-অমিন বাচ্চা কোলে বসে আছেন। রোদে-গরমে, হয়তো অন্য কোনো সমস্যায় কোলের শিশুটি চিত্কার করে কাঁদছিল। পাশে স্ত্রী। যানজটে ত্যক্ত-বিরক্ত আল-আমিন বললেন, ‘আধা ঘণ্টা ধরে বসে আছি। যানজট লাগলে আর ছাড়ে না। আরও কতক্ষণ লাগবে আল্লাই জানে...।’ কয়েক বছর ধরে মাত্রাতিরিক্ত যানজটে প্রায় দিনই এ রকম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গিয়ে দেখা যায়, যানজটে আটকে আছে অসংখ্য যানবাহন। জল্লারপাড় এলাকায় আটকে থাকা রিকশাচালক ইদ্রিস বলেন, এখানে যানজটে আটকে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। দুর্ভোগের শিকার নগরের দরগাগেট এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক আজমান মিয়া বলেন, ‘হেঁটে বলুন আর গাড়িতে বলুন, পথ চলতে যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। কর্তৃপক্ষ সমস্যার কথা স্বীকার করে নিজের দায় সারছে। অথচ সমস্যা সমাধানে স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না।’বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল-দুপুর-সন্ধ্যা নগরের বিভিন্ন রাস্তায় কয়েক ঘণ্টা যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশের ভূমিকাও সন্তোষজনক নয়। দিনের বেলা নগরের ভেতরে ট্রাক ঢোকার নিয়ম না থাকলেও তা মানা হচ্ছে না। বড় বড় ট্রাক বিভিন্ন এলাকার জনগুরুত্বপূর্ণ রাস্তার যত্রতত্র দাঁড় করে রাখা নিত্যনৈমিত্তিক দৃশ্য। দিনেও মাল ওঠানামা করতে দেখা গেছে। যানজটের কবলে আটকা পড়া অটোরিকশার চালক ও হেলপাররা অভিযোগ করেন, প্রতিদিনই নগরে অবৈধ গাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে, এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে।নগরের আম্বরখানা এলাকার ব্যবসায়ী শাহীনুল হক বলেন, ‘গাড়ির চালকেরা সঠিকভাবে ট্রাফিক আইন মানেন না। এতেও যানজট তৈরি হচ্ছে।’ লামাপাড়া এলাকার গৃহিণী আখতারুন্নেসা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোথাও যেতে হলে জ্যামের জন্য অতিরিক্ত সময় নিয়েই বাসা থেকে বের হই। এর পরও যানজটের কারণে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না।’সিলেট সিটি করপোরেশন সূূত্রে জানা যায়, সাত লাখেরও বেশি লোকের বসবাস এ শহরে। ২৬ দশমিক পাঁচ বর্গকিলোমিটার আয়তনের নগরে বিভিন্ন ধরনের দুই লাখেরও বেশি যানবাহন চলাচল করে। ট্রাফিক পুলিশ সদস্যদের মতে, নগরের যানজটের কারণ ছয়টি। এগুলো হচ্ছে ট্রাফিক পুলিশের লোকবলসংকট, অবৈধ রিকশা উচ্ছেদ না করা, অবৈধ রিকশা চলাচলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ট্রাফিক-ফাঁড়ি পুলিশ সদস্যদের চাঁদাবাজি, অবৈধ গাড়ি স্ট্যান্ড এবং অপ্রশস্ত সড়ক। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ বলেন, প্রবাসী অধ্যুষিত হওয়ায় সিলেটে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অনেক বেশি। এটি যানজটের অন্যতম কারণ। রাস্তাগুলো অপ্রশস্ত হওয়ায় সহজেই যানজটের সৃষ্টি হয়। তবে এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন শিগগিরই কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। নগরের দাড়িয়াপাড়া, আম্বরখানা বড়বাজার রাস্তাগুলোর বাইলেন বড় ও প্রশস্ত করা হয়েছে। এ ছাড়া বাইপাস সড়ক হওয়ায় নগরের ভেতরে ইদানীং ট্রাক তেমন ঢুকছে না, তাই যানজট কিছুটা কমেছে।