বইমেলায় যাতায়াত করতে গিয়ে গতকাল বুধবার গ্রন্থানুরাগীদের ভয়ানক দুর্ভোগে পড়তে হলো। শাহবাগ উত্তাল পক্ষকালের অধিক। যানবাহনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বিকল্প পথে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে গাড়িগুলো যাতায়াত করছিল। গতকাল বিকেল থেকেই দোয়েল চত্বরের সামনের পথ বন্ধ করে খুলে দেওয়া হলো বাংলা একাডেমীর সামনের পথটি। একুশে ফেব্রুয়ারিতে জনতা শহীদ মিনারে আসবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে, তাই এ ব্যবস্থা।এদিকে বইমেলার সামনের পথ ও ফুটপাত দখল করে রেখেছেন নীলক্ষেতের পাইরেটেড বই আর বারোয়ারি পণ্যের পসরা সাজানো বিক্রেতারা। এসব পণ্যের পসরা এড়িয়ে চলাচল করতে বেশ অসুবিধাই হচ্ছিল গ্রন্থানুরাগীদের। এত দিন যানবাহন প্রবেশ বন্ধ থাকায় তবু কিছুটা রক্ষা। গতকাল বাস, রিকশা, ব্যক্তিগত গাড়ির বহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।অথচ এই পথে যানবাহন প্রবেশের আগে নিরাপত্তারক্ষীরা পথ ও ফুটপাত থেকে বারোয়ারি পণ্যবিক্রেতাদের সরিয়ে দিলে এই দুর্ভোগ থেকে রক্ষা পেত অসংখ্য মানুষ। আজ অমর একুশের দিনেও জনতার ঢল নামবে মেলায়।হুমায়ূনের শেষ উপন্যাস: গতকাল মেলায় এল নন্দিত লেখক হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। প্রথম আলোয় এই উপন্যাসের একটি অধ্যায় প্রকাশিত হয়েছিল। তিনি তখন ছিলেন নিউইয়র্কে চিকিৎসাধীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর ১৯৭৫ থেকে আশির দশক পর্যন্ত ব্যাপ্ত এই উপন্যাসের সময়। ঐতিহাসিক ঘটনাবলির প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসের প্রতি পাঠকদের বড়ই কৌতূহল ছিল। দেয়াল প্রকাশ করেছে অন্যপ্রকাশ। গতকাল মেলায় বইটি আসার পর পরই তা সংগ্রহ করতে অন্যপ্রকাশের সামনে ভিড় জমান হুমায়ূন আহমেদের অনুরাগীরা।মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়: প্রথমা প্রকাশনে গতকাল এসেছে জহিরুল ইসলামের লেখা এই বই। লেখক মেজর হায়দারের ছোট ভাই। তিনিও মুক্তিযোদ্ধা। এই বইয়ে লেখক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল হায়দার বীর উত্তমের জীবনী, মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদান এবং তাঁর বিয়োগান্ত বিদায়ের কথা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর রাজনৈতিক কূটকৌশলের কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি অবজ্ঞা ও হতাশাজনক পরিস্থিতির কিছু কথা আছে, আছে কূটকৌশলে বীর মুক্তিযোদ্ধাদের জীবননাশের কথা।মেলা মঞ্চে: গতকাল মেলা মঞ্চে ছিল ‘বাংলাদেশের ফোকলোর চর্চার আধুনিকায়নের সমস্যা’ এবং ‘বিজয় সরকারের কবি মানস’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন শাহিনুর রহমান ও দিব্যদ্যুতি সরকার। আলোচনা করেন সৈয়দ জামিল আহমেদ, সুশান্ত সরকার, সুরঞ্জন রায় ও পশ্চিমবঙ্গের অসীমানন্দ গঙ্গোপাধ্যায়। সভাপতিত্ব করেন ফোকলোরবিদ ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জান্নাত ই ফেরদৌসী, বিশ্বজিৎ রায়, এনামুল হক, বীণা মজুমদার, খগেন্দ্রনাথ সরকার ও মৃত্যুঞ্জয় রায়।আজ: আজ বৃহস্পতিবার মেলা খুলবে সকাল আটটায়। সকালেই মেলামঞ্চে থাকবে কবিতা আবৃত্তি। বিকেলে থাকবে একুশের স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।নতুন বই ও মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে এখন প্রতিদিনই বিকেল থেকে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ভিড় জমছে। অধ্যাপক আনিসুজ্জামান চয়ন থেকে প্রকাশিত ওয়াসিম হকের ছড়িয়ে দিলেম ছড়া বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ ছাড়া ফরিদা আক্তার আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত মাহমুদা চৌধুরীর প্রবন্ধ নারী অর্ধেক পৃথিবী, আহসান হাবীব শুভ্র প্রকাশ থেকে প্রকাশিত মাসুম আওয়ালের শিশুতোষ জটাকবিরাজ ও ভুতুড়ে বটগাছ এবং তাহের সিদ্দিকীর গল্প তেলাপোকার শহরে নির্বাক প্রজাপতির মোড়ক উন্মোচন করেন।গতকাল নতুন বই এসেছে ৮৩টি। এর কয়েকটি ছিল বিভাস থেকে ফাদার মরিনো রিগনের প্রবন্ধ রবীন্দ্রনাথ ও নারী, জয়তী থেকে সেলিনা হোসেনের স্মৃতিচারণামূলক গ্রন্থ স্মৃতির আলো, সূচীপত্র থেকে আবু করিমের কবিতা চালধোয়া সিদ্ধ হাত, আগামী থেকে রফিকুল হকের ছড়া বর্গী এলো দেশে, কথা থেকে শিহাব সরকারের গল্পঘাটে নদী নাই, বিউটি বুক হাউস থেকে আলম তালুকদারের ছড়া ছড়ার ভুবন, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে শহীদুল হক খানের উপন্যাস কৃষ্ণপক্ষের চাঁদ, অনন্যা থেকে লুৎফর রহমান রিটনের ছড়া ভোলা মন পিড়িং পিড়িং, দিনরাত্রী প্রকাশনী থেকে মুন্না জামানের কৌতুকের বই ১০১টা রিয়েল লাইফ ফান।