জয়পুরহাট পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালের ৮ জানুয়ারি। নব্বইয়ের দশকে প্রথম শ্রেণীতে উন্নীত হয় এ পৌরসভা। ২১ দশমিক ৭০ বর্গকিলোমিটারের এই পৌরসভায় নয়টি ওয়ার্ড ও ১০টি মৌজা রয়েছে। সময়ের বিবর্তনে পৌর এলাকায় কিছু উন্নয়নের ছোঁয়া লাগলেও পৌরসভার নাগরিক হিসেবে যেসব নাগরিক-সুবিধা এখানকার বাসিন্দাদের পাওয়ার কথা, তা থেকে বঞ্চিত তাঁরা।অপরিকল্পিত ঘড়বাড়ি, যানজট, ডাস্টবিন, লাইটবিহীন লাইটপোস্ট, মশার উপদ্রব, অপ্রতুল ড্রেনেজ ও শিশুদের বিনোদনব্যবস্থার কোনো সুযোগ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীদের।যানজট সমস্যা: জয়পুরহাট পৌর এলাকায় যানজট দিনের পর দিন প্রকট হয়ে উঠছে। জেলা শহরের প্রধান রাস্তা কেন্দ্রীয় মসজিদ চত্ব্বর এলাকায় যানজট লেগেই থাকে। শহরে কোনো বাইপাস সড়ক নেই। পৌর এলাকার বাইরে জয়পুরহাট-পাঁচবিবি সড়কে পুরানাপৈলের বটতলী থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী নামক স্থানে বাইপাস রাস্তার সংযোগ থাকলেও ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে না। দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে যাবতীয় বাস-ট্রাক এবং আন্তজেলা ও দূরপাল্লার যানবাহনগুলো শহরের প্রধান রাস্তা দিয়েই চলাচল করে।পৌরসভা সূত্র জানায়, শহরে চলাচলকারী নিবন্ধন করা রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে দুই হাজার। কিন্তু অবৈধভাবে চলাচল করে আরও সহস্রাধিক। এসব অটোরিকশা ও ভ্যান যেখানে-সেখানে এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখায় শহরের মসজিদ চত্বর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যানজটের আরেকটি অন্যতম কারণ হলো শহরের রাস্তা দখল করে ট্রাক দাঁড়িয়ে থাকা। অথচ শহরে ২০০৫ সালে একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে। কিন্তু ট্রাকগুলো সেখানে না রেখে শহরের বাজলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, চিত্রা রোডসহ বিভিন্ন রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়।ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, দুই লাখ ২০ হাজার টাকায় টার্মিনালটি পৌরসভা থেকে ইজারা নিলেও এখানে কোনো ট্রাক থাকে না। তিনি আরও অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা-সম্পর্কিত সভায় ট্রাকগুলো টার্মিনালে নেওয়ার সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।জেলা ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির সভাপতি আরমান হোসেন জানান, পৌর এলাকায় তাঁদের ৬০০ অটোরিকশা আছে। এগুলো জেলা শহর থেকে জেলা শহরের বাইরে যেতে না পারায় এবং নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় এলোমেলোভাবেই রাস্তার পাশে রাখতে হয়। এতে কিছুটা হলেও যানজটের সৃষ্টি হয় বলে তিনি স্বীকার করেন।ডাস্টবিন সমস্যা: পৌর এলাকায় ডাস্টবিনের সংখ্যা অপ্রতুল হওয়ায় বিভিন্ন বাসাবাড়ির আবর্জনা পলিথিনের ব্যাগে করে নর্দমাগুলোতে ফেলা হয়। কিন্তু নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় এগুলো শহর নোংরা করে।পৌরসভা সূত্র জানায়, পৌর এলাকায় ১০৪টি ডাস্টবিন রয়েছে। এখানে প্রতিদিন জমা হওয়া বর্জ্যের পরিমাণ ১৬ টন। পৌর কর্তৃপক্ষ স্বীকার করে, পৌরসভার যে আয়তন তার তুলনায় ১০৪টি ডাস্টবিন খুবই কম। পৌর এলাকায় সরকারি হাসপাতাল, পরিবার পরিকল্পনা কেন্দ্র, বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ সেবাকেন্দ্র রয়েছে ২৭টি। ওই সব প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার জন্য প্রতিষ্ঠানগুলোর সামনে এখনো ডাস্টবিন তৈরি করা হয়নি। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন সকাল থেকে বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। কাজেই তেমন একটা নোংরা থাকে না।অপরিকল্পিত ঘরবাড়ি: পৌরসভা স্থাপিত হওয়ার পর শহরে বাড়িঘর নির্মাণের পরিমাণ বেড়ে গেছে। এসব বাড়িঘরের অধিকাংশই নির্মাণ করা হচ্ছে অপরিকল্পিতভাবে, পৌর আইনকে তোয়াক্কা না করে। পৌরসভা থেকে অনুমোদন করা নকশা অনুসারে অধিকাংশ সময় বাড়ি না করায় পাশের রাস্তাগুলো সংকীর্ণ হয়ে যায়।পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহিন জানান, পূর্ব জানিয়ার বাগান এলাকায় এমনভাবে বাড়িঘর উঠেছে যে অনেক বাড়ি থেকে মানুষ মারা গেলে লাশ বের করাও কষ্টসাধ্য। ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার গোলজার হোসেন জানান, আগের কিছু বাড়ি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এখন কেউ যদি পৌর আইন অমান্য করে ঘরবাড়ি বানায়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে এ ব্যাপারে কাউকে অভিযোগ করতে হয়।পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, বাড়ির নকশা অনুমোদন করিয়ে নিয়েও অনেকেই নিয়ম অনুসারে বাড়িঘর তৈরি করে না। আর এই অনিয়ম অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষিত ও প্রভাবশালী ব্যক্তিরাই করে থাকেন। পৌর এলাকার বাসিন্দাদের নিজেদের স্বার্থেই এ ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত।অপরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরির অভিযোগ স্বীকার করে পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, বাড়ি তৈরির ভিত্তি স্থাপনের সময় পৌর আইন না মেনে কেউ কাজ শুরু করলে এবং এর অভিযোগ পেলে পৌরসভা ব্যবস্থা নিতে পারে। কিন্তু বাড়ির কাজ অনেকখানি এগিয়ে গেলে তা ভাঙা পৌরসভার একার পক্ষে সম্ভব হয় না। এ জন্য তিনি প্রতিবেশীদের পৌরসভায় অভিযোগ করার আহ্বান জানান।ড্রেন সমস্যা: শহরে পাকা ড্রেন রয়েছে ৩৯ দশমিক ৫৫ কিলোমিটার আর কাঁচা ড্রেন রয়েছে ১৯ কিলোমিটার। প্রধান প্রধান সড়কের পাশে পাকা ড্রেন তৈরি হলেও মহল্লাগুলোতে তেমন ড্রেন নেই। কোথাও থাকলেও তা আবার ভাঙাচোরা।আরামনগর এলাকার তাজুল ইসলাম ও কবিরাজপাড়ার আবু মূসা অভিযোগ করেন, তাঁদের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। যেটুকু আছে তাও ভাঙাচোরা। সময়মতো পানি নিষ্কাশন হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।রাস্তাঘাট সমস্যা: জয়পুরহাট পৌর এলাকায় পাকা রাস্তা রয়েছে ৫৬ দশমিক ৭৫ কিলোমিটার, আরসিসি রাস্তা ১০ দশমিক ৬০ কিলোমিটার, ইট বিছানো রাস্তা ৩৬ দশমিক ১৯ কিলোমিটার এবং ডব্লিউবিএম রাস্তা রয়েছে ১ দশমিক ৫৬ কিলোমিটার। এ ছাড়া কাঁচা রাস্তা রয়েছে ১২ দশমিক ৯৩ কিলোমিটার। পৌরসভার ভেতরে সড়ক ও জনপথ এবং গণপূর্ত বিভাগের রাস্তা রয়েছে ১০ দশমিক ৪২৬ কিলোমিটার। শহরের প্রধান রাস্তাটি খানাখন্দে ভরা। এতে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক জায়গার রাস্তার পিচ উঠে খানাখন্দ সৃষ্টি হয়েছে।৪ নম্বর ওয়ার্ডের শান্তিনগরের মোফাজ্জল হোসেন জানান, তাঁর এলাকার রাস্তায় ইট বিছানো ছিল। কিন্তু অনেক জায়গার ইট চুরি হয়ে গেছে। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ১ নম্বর ওয়ার্ডের বুলুপাড়া গুলশান এলাকার মলিনচন্দ্র জানান, তাঁর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল। রাস্তাঘাটও ভাঙা। তাঁরা পৌর এলাকার বাসিন্দা হয়েও অবহেলার শিকার।বিদ্যুৎ সমস্যা: পৌর শহরে স্ট্রিট ফেজ লাইন রয়েছে ৮৫ কিলোমিটার। এর মধ্যে সাধারণ বাল্ব জ্বালানোর জন্য পয়েন্ট রয়েছে ৩০০টি, এনার্জি সেভিং বাল্ব পয়েন্ট এক হাজার ২০০টি এবং টিউবলাইট পয়েন্ট রয়েছে ১১০টি। পৌর এলাকার বিভিন্ন মহল্লার রাস্তায় বৈদ্যুতিক খুঁটিতে রাতে বাল্ব জ্বালানোর নিয়ম থাকলেও অধিকাংশ এলাকাতেই খুঁটিগুলোতে ঝোলানো বাল্বগুলোয় ফিউজ নেই।৮ নম্বর ওয়ার্ডের বামনপুর মৌজায় প্রধান বৈদ্যুতিক লাইন থেকে বামনপুর দত্তপাড়ায় বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে। আলফাজ উদ্দিন বলেন, বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ নেওয়া ঝুঁকিপূর্ণ। বৈদ্যুতিক খুঁটি না পাওয়ায় তাঁরা ওইভাবে বিদ্যুতের সংযোগ নিয়েছেন। খনজনপুর এলাকার রতন আকন্দ জানান, তাঁর বাড়ি রাস্তার পাশেই। সেখানে বৈদ্যুতিক খুঁটিতে পৌরসভা কোনো বৈদ্যুতিক বাল্ব না লাগানোয় অন্ধকারেই চলাচল করতে হয় তাঁদের।মশার উপদ্রব: পৌরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, জয়পুরহাট চিনিকল হচ্ছে মশার প্রধান উৎপত্তিস্থল। চিনিকল থেকে স্টেডিয়াম হয়ে ড্রেনটি শ্রীনদীতে গিয়ে পড়েছে। চিনিকলের বর্জ্য এ ড্রেন দিয়েই নিষ্কাশিত হয়। এসব বর্জ্যের কারণে সারা বছরই জয়পুরহাট শহরে প্রচুর মশার উৎপত্তি হয়। ফলে মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ থাকে।পৌরসভা সূত্র জানায়, মশা নিধনের জন্য নয়টি ফগার মেশিন ও ছয়টি নরমাল স্প্রে মেশিন রয়েছে। কিন্তু এলাকাবাসী অভিযোগ করেন, ওই সব মেশিনের ব্যবহার হতে তাঁরা কালেভদ্রেই দেখেন। আদর্শপাড়ার মাহবুব হোসেন অভিযোগ করেন, সারা বছর মশার জ্বালায় অতিষ্ঠ থাকতে হয়। দিনের বেলাও মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া যায় না। মশার যন্ত্রণায় ছেলেমেয়েরা লেখাপড়াও করতে পারে না।শিশুপার্ক নেই: জয়পুরহাট পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার পর ৩৫ বছর চলে গেলেও এখানে একটি শিশুপার্ক হয়নি। ফলে পৌর এলাকার শিশুরা বিনোদন-বঞ্চিত। এখানে একটি বেসরকারি শিশু-উদ্যান থাকলেও সেখানে শিশুদের নিয়ে যাওয়ার পরিবেশ নেই। তাই শহরের শিশুদের দিন কাটে ঘরে বন্দী থেকেই।পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, তিনি একটি শিশুপার্ক করার ব্যাপারে আন্তরিক। কিন্তু সরকারিভাবে সে রকম জায়গা বরাদ্দ না পাওয়ায় কাজটি করা যাচ্ছে না। শহরের মিজানুর রহমান জানান, শিশুদের জন্য একটি শিশুপার্ক জরুরি। বিকেলে শিশুদের নিয়ে শিশুপার্কে ঘুরতে পারলে তারা আনন্দ পেত। সুস্থ পরিবেশে ওরা বড় হতে পারত।পৌর কর্তৃপক্ষের ভাষ্য: পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, পৌর এলাকার উন্নয়নে তাঁর সদিচ্ছার অভাব নেই। শহরকে যানজটমুক্ত করতে জরুরি ভিত্তিতে বাইপাস রাস্তা করা প্রয়োজন। কিন্তু বাইপাস রাস্তা পৌরসভার পক্ষে করা সম্ভব নয়। বাইপাস রাস্তা নির্মাণ প্রসঙ্গে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি যোগাযোগ করছেন। ইতিমধ্যে অনেক রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ করা হয়েছে। তার পরও কিছু এলাকায় রাস্তাঘাট, ড্রেন ও পানি সরবরাহের সমস্যা রয়েছে। এগুলোর সমাধান পর্যায়ক্রমে করা হবে।শহরের যানজট সমস্যা সমাধানের ব্যাপারে ফজলুর রহমান বলেন, সমস্যা প্রকট আকার ধারণ করছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। যানজটের প্রধান কারণ বাইপাস রাস্তা না থাকা। বর্তমানে রাস্তাঘাট উন্নয়নে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে সমস্যা অনেকটা কমবে বলে তিনি মন্তব্য করেন।