অপ্রশস্ত বাড্ডা, সাঁতারকুল ও বেরাইদ সড়ক; সড়কের মুখেই রিকশার জটলা
যানজটে নাকাল মহানগরের তিন ইউনিয়নবাসী
উত্তর বাড্ডার প্রগতি সরণি থেকে সাঁতারকুল ও বেরাইদ ইউনিয়নের দিকে চলে গেছে একটি সড়ক। সড়কের মুখে রিকশা দাঁড়িয়ে রয়েছে এলোপাতাড়িভাবে। রিকশা ঘুরিয়ে ভেতরে না গিয়ে যাত্রীর আশায় রয়েছেন রিকশাওয়ালারা। আর এতে প্রগতি সরণি থেকে ভেতরে যেতে পারছে না অন্যান্য যান। আবার ভেতর থেকেও বের হতে পারছে না কোনো যানবাহন। লেজে-গোবরে অবস্থায় এখানে সকাল-সন্ধ্যায় থাকছে যানজট। নষ্ট হচ্ছে অনেক সময়।সাঁতারকুল ও বেরাইদ ইউনিয়নে যাওয়ার একমাত্র সড়ক এটি। বাড্ডা ইউনিয়নের অনেক এলাকায় যেতে হয় এ সড়ক দিয়ে। প্রগতি সরণির কাছে সড়কটির চওড়া কম হওয়ায় যানজট আরও বাড়ছে। আর এতে তিনটি ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার ভেতরে ঢুকতে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি পার্কিং করা হয়। পাশেই ব্যাটারিচালিত টমটম রাখা হয় সারি করে। এতে সড়কের প্রশস্ততা আরও কমে যায়। মোড় হওয়ায় সড়কের ভেতরে গাড়ি ঢুকতে কিংবা বের হতে লেগে যায় যানজট। বিশেষ করে, সকালে ও বিকেলে এর অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দা বারিক হাওলাদার বলেন, ‘সড়কের ভেতরে চওড়া বেশি, শুরুতে কম ক্যান। নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। সড়কের জায়গা বেদখল হয়ে গেছে বলেই এই অবস্থা।’এলাকাবাসী জানায়, দুটি কার পাশ কাটিয়ে চলতে পারে না। সড়কটি চওড়া কম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। এর আগে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। এর ফলে এলাকাবাসী অগ্নিকাণ্ডের আতঙ্কে থাকে সব সময়। পাঁচ মিনিটের জায়গায় আধা ঘণ্টার বেশি সময় চলে যায়। অনেকে হেঁটেই রওনা দেয়।এ ব্যাপারে বাড্ডা ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন জানান, পাশাপাশি তিনটি ইউনিয়নের বাসিন্দাদের এ সড়কে যাতায়াত করতে হয়। তিনটি ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলরসহ এলাকার সাংসদ—সবার মধ্যে সড়কটির প্রশস্ততা বাড়াতে আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি সড়কটির প্রশস্ততা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। তখন আর যানজট থাকবে না বলে তিনি আশা করেন।