যানজটে পাবনা শহরবাসী অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরে এলোপাতাড়িভাবে ভারী যানবাহন প্রবেশ এবং শহরের সব ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজটে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। রাত আটটার আগে শহরে ভারী যানবাহন প্রবেশ এবং ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করা নিষেধ থাকলেও থানা পুলিশকে মাসোহারা দিয়ে শহরে গাড়ি প্রবেশ ও ফুটপাত দখল করে নানা ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, ট্রাফিক আইন অনুযায়ী রাত আটটার আগে প্রতিটি শহরে ভারী যানবাহন প্রবেশ নিষেধ রয়েছে। কিন্তু দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত পাবনা শহরের এডওয়ার্ড কলেজ সড়ক হয়ে আতাইকুলা সড়ক দিয়ে অবিরতভাবে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করছে। জেলার চাটমোহর, ঈশ্বরদী ও ভাঙ্গুড়াগামী যাত্রীবাহী বাসগুলো বাইপাস সড়ক দিয়ে না গিয়ে শহরের মধ্য দিয়ে পাবনা কেন্দ্রীয় টার্মিনালে যাওয়া-আসা করছে। কিন্তু শহরের এ আর কর্নার ট্রাফিক মোড় থেকে সরকারি শহীদ বুলবুল কলেজ পর্যন্ত সড়ক খুব সরু হওয়ায় একটি করে যাত্রীবাহী বাস প্রবেশ করলেই শহরে একবার করে যানজট সৃষ্টি হচ্ছে। এভাবে প্রতিদিন প্রায় শতাধিক যাত্রীবাহী বাস প্রবেশের সময় একবার করে যানজটের সৃষ্টি হচ্ছে।এদিকে বেশ কয়েকবার দখলমুক্ত করার পর পুনরায় শহরের ফুটপাত সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে। আবদুল হামিদ সড়কে দুইপারের ব্যবসায়ীরা দোকানের বর্ধিত অংশ দিয়ে এবং কিছু ভ্রাম্যমাণ দোকানদার দোকান বসিয়ে এ ফুটপাত দখল করে রেখেছে। শহরের মধ্যকার কয়েকটি বড় বড় বিপণি বিতানের নিজস্ব পার্কিংব্যবস্থা না থাকায় ফুটপাত দখল করে তারা পার্কিংয়ের ব্যবস্থা করেছে। এতে শহরে চলমান জনসাধারণের চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। এক দিকে দফায় দফায় যানজট, অন্যদিকে ফুটপাত বন্ধ থাকায় শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।অভিযোগ রয়েছে, শহর পুলিশ ও ট্রাফিক পুলিশের একটি দল নিয়মিতভাবে বাস, ট্রাক ও ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেয়ায় তাঁদের কিছু বলছে না।শহরের আতাইকুলা সড়কের দোকানমালিক আবদুল মান্নান জানান, থানা পুলিশকে শহরে যাত্রীবাহী বাস প্রবেশের বিষয়টি বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বাইপাস সড়ক থাকা সত্ত্বেও পুলিশ তাদের কাছ থেকে চাঁদা নেওয়ায় কিছু বলতে পারছে না।নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাফিক পুলিশ জানান, শহরের ফুটপাতের ব্যবসায়ী, রেন্ট্র এ কার ব্যবসায়ী, শহরের ভেতর দিয়ে সারা দিন বাস ও ট্রাক প্রবেশ করায় যে অর্থ উত্তোলন করা হয়, তার অংশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পাচ্ছেন। শহরে একবার করে যাত্রিবাহী বাস প্রবেশ করলে ১০ টাকা এবং ফুটপাতের দোকান থেকে মাসিক ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে।শহরের দোকানমালিক ও ওয়াকার্স পার্টি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জানান, পাবনা এখন স্বাধীন শহরে পরিণত হয়েছে। এ শহরে গাড়ি পার্কিং, ফুটপাত দখল, ভারী যানবাহন প্রবেশে কোনো আইন মানার প্রয়োজন হয় না। ফলে যার যা খুশি তাই করে যাচ্ছে।সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যাল জানান, দিনে দিনে পাবনা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। শহরে মানুষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে হারে প্রতিযোগিতা দিয়ে যানবাহন বাড়ছে এবং চলাচলের রাস্তাটুকু দখল হয়ে যাচ্ছে, তাতে আগামী দুই বছর পরে এ শহরে বাস করা কঠিন হয়ে উঠবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন শহরের এ অবস্থা পরিবর্তনে উদ্যোগ নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়েছে।পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান জানান, পৌরসভার কোনো নিজস্ব ফোর্স নেই। তাই ফুটপাত দখলমুক্ত করতে পুলিশকেই ভূমিকা রাখতে হবে, তবে যানজট নিরসনে পাবনা পৌরসভার পক্ষ থেকে পৌর ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে। তারা কাজ করে যাচ্ছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান পুলিশের মাসোহারা গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘শহরের ভেতর দিয়ে যাত্রীবাহী বাস প্রবেশের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে দিনে শহরে বাস প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’