যানজটে বছরে ক্ষতি ২০ হাজার কোটি টাকা
কেউ বলে ঢাকা মসজিদের নগর। কারও মতে রিকশার। আবার কেউ বলে ঢাকা এখন পুরোপুরি যানজটের নগর। গত দুই দশকে যানজট নিরসনে অন্তত পাঁচটি বড় ধরনের পরিকল্পনা করা হয়েছে। বাস্তবায়ন হয়নি বললেই চলে। ফলে যানজট দিন দিন বেড়েছে। ২০১০ সালে করা এক গবেষণা অনুযায়ী, ঢাকায় যানজটের কারণে বছরে ২০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। মোটা দাগে যানবাহন পরিচালনায় বাড়তি ব্যয়, যাত্রীদের ভ্রমণে বাড়তি সময়, সড়ক দুর্ঘটনা এবং পরিবেশগত প্রভাব এসব কিছু বিবেচনায় নিয়ে এই ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে।‘ঢাকার যানজটের কারণে ক্ষতি ও ব্যবসা-বাণিজ্যের ওপর এর প্রভাব এবং কিছু করণীয়’ শীর্ষক এই গবেষণাটি পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের তিনজন প্রকৌশলী। তাঁরা হলেন আবদুল্লাহ আল মামুন, সৈয়দ মইনুল হাসান ও মারুফা ইসমাত। গবেষণায় বলা হয়, স্বাভাবিক সময় যে পরিমাণ জ্বালানি ব্যয় হয়, যানজটের কারণে এর অন্তত ৪০ শতাংশ বেশি জ্বালানি খরচ হয়। টাকায় হিসাব করলে বছরে এই খাতে বাড়তি খরচ ৫৭৫ কোটি টাকা। এই হিসাব শুধু জ্বালানি হিসেবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ব্যবহার করলে যে খরচ হয় তার ওপর ভিত্তি করে। জ্বালানি তেলের হিসাব ধরলে এই খরচ তিন থেকে চার গুণ বেড়ে যাবে বলে গবেষণায় উল্লেখ করা হয়। এ ছাড়া যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকার কারণে যানবাহনের ব্যবহার-যাত্রা (ট্রিপ) কমে যায়। এ ক্ষেত্রে চালক-মালিকের আয় কমে যায়। আয় কমে যাওয়া ও যানবাহন পরিচালনায় সমস্যার কারণে বছরে ক্ষতি দুই হাজার কোটি টাকা। যানজটের কারণে যেসব ক্ষতি হয় এর মধ্যে সবচেয়ে বেশি হয় যাত্রীদের সময় অপচয়ের কারণে। এই খাতে বছরে ১২ হাজার ৫৭৫ কোটি টাকা ক্ষতির হিসাব এসেছে গবেষণায়। পরিবেশ ও স্বাস্থ্য-সংক্রান্ত ক্ষতি দুই হাজার ৯৩০ কোটি টাকা। মালামাল পরিবহনে বিলম্বের কারণে ব্যবসায়িক ক্ষতি বছরে আরও দুই হাজার কোটি টাকা। সব মিলিয়ে যানজটের কারণে বছরে ক্ষতি হচ্ছে ২০ হাজার ৮০ কোটি টাকা।জানতে চাইলে গবেষণা দলের প্রধান আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ২০ হাজার ৮০ কোটি টাকার অনেক রক্ষণশীল হিসাব করে বের করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকিসহ আরও অনেক বিষয় হিসাবে আনা যায় না। ঢাকার যানজটের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এক দিনের ব্যবধানে অনেক বেড়ে যেতে পারে।