ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬৫ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট
যানজটে স্থবির দুই মহাসড়ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো যানজট অব্যাহত ছিল। এ ছাড়া দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ কিলোমিটার এলাকায় ছিল দীর্ঘ যানজট। এতে প্রচণ্ড দাবদাহের মধ্যে নারী-শিশুসহ হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ও মৌচাক তেলিচালা এলাকায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, গাজীপুরা, স্টেশন রোড এলাকায় গতকাল সকাল থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে তীব্র যানজট শুরু হয়। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার দিনের হরতাল ও সরকারি ছুটির কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। ওই দিন রাত ১১টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত যানজট ভয়ংকর রূপ নেয়। দুপুরের পর যানজট কিছুটা কমলেও শুক্রবার রাত ১০টা থেকে আবারও যানজট তীব্র রূপ নেয়। একপর্যায়ে তা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা মোড় থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। গতকাল সকাল সাড়ে নয়টার পর মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত ছিল যানজট। যানজটের কারণে মির্জাপুরে গতকাল পত্রিকা পৌঁছায় সকাল ১০টায়। মির্জাপুরের গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, বঙ্গবন্ধু সেতুর সংস্কারকাজের জন্য সেতুর এক পাশ দিয়ে যান চলাচল করছে। তা ছাড়া সাপ্তাহিক ও নববর্ষের ছুটির কারণে মহাসড়কে অতিরিক্ত যান চলাচল করছে। আর চালকেরাও গাড়ি চালাচ্ছেন নিয়ম না মেনে। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। গাজীপুর: গোড়ান হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুরের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সামনে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও সৃষ্টি হয় যানজটের। ঘটনার পর গোড়াই হাইওয়ে থানার পুলিশ রেকার দিয়ে বাস ও ট্রাক সরিয়ে নেয়। তবে রাতভর মির্জাপুর থেকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ১৫-১৬ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে ছিল। অপরদিকে একই সড়কে গতকাল ভোরে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী নতুন বাজার এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কের কোনাবাড়ী থেকে কড্ডা, মৌচাক, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ পর্যন্ত প্রায় ১৩-১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, গাজীপুর, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট লেগে থাকে।গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক জুবায়েদুল আলম জানান, সড়কে গাড়ির চাপ বেশি থাকায় এবং মাঝেমধ্যে ট্রাক বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। সালনা হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তেমন যানজট নেই। তবে কিছু কিছু জায়গায় থেমে থেমে যানজট লেগে যাচ্ছে।দাউদকান্দি (কুমিল্লা): হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টানা হরতালের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের বাইপাস সড়ক (বর্ধিত) দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার টোল প্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যার পর থেকে তা আরও বাড়তে থাকে। গতকাল দুপুর দুইটার দিকে যানজট কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত হয়। কুমিল্লাগামী ট্রাকের চালক খোকন মিয়া বলেন, ‘রাত একটার দিকে ঢাকার কারওয়ান বাজার থেকে সবজি নিয়ে কুমিল্লার নিমসার কাঁচা বাজারের উদ্দেশে রওনা দিয়েছি। সকাল সাড়ে আটটায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছি।’ দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, ছোট যানবাহনগুলো ভিআইপি পরিচয় দিয়ে এলোপাতাড়ি চলাচল করতে গিয়ে যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। গজারিয়া (মুন্সিগঞ্জ): গতকাল ভোর সাড়ে ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের এক যাত্রী বলেন, ‘সকাল সাড়ে আটটায় রওনা দিয়েছি। ঢাকা থেকে দুই ঘণ্টায় কুমিল্লা পৌঁছানোর কথা থাকলেও সাড়ে তিন ঘণ্টায় অর্ধেক পথও পেরোতে পারিনি।’ হাইওয়ে পুলিশের গজারিয়া থানার ভবেরচর ফাঁড়ির সার্জেন্ট মো. জয়নাল আবেদিন গতকাল বিকেলে জানান, মহাসড়কে হঠাৎ যান চলাচলের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।