যানজটে স্থবির দুটি মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটে আজ শনিবার বিকেল পর্যন্ত স্থবির হয়ে পড়ে মহাসড়ক। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় দুদিন ধরে তীব্র যানজট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বিকেলের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কিছুটা কমেছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ধ্যা সাতটার পর থেকে যানজট একেবারেই নেই। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: গাজীপুরের বেশ কয়েকটি জায়গায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে গাজীপুরের মৌচাক, তেলিচালা, ভোগড়া, গাজীপুরা, স্টেশন রোড এলাকা ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত এসব এলাকায় যানজট কিছুটা কমলেও পুরোপুরি ছাড়েনি। গাড়িগুলো ধীরগতিতে চলছে। কোনাবাড়ি হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক আলমগীর সিদ্দিক প্রথম আলো ডটকমকে জানান, কোনাবাড়ি এলাকায় আজ সকালে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তার প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে আছে।গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক জুবায়েদুল আলম প্রথম আলো ডটকমকে জানান, হরতালের পর সড়কে গাড়ির ব্যাপক চাপ থাকায় ও মাঝেমধ্যে ট্রাক বিকল হয়ে পড়ায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবারও চলছে যানজট। মির্জাপুরের গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, বঙ্গবন্ধু সেতুর সংস্কার কাজ চলায় সেতুর একপাশ দিয়ে যানবাহন চলাচল করছে। এ ছাড়া সাপ্তাহিক ও নববর্ষের ছুটির কারণে মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করছে। চালকেরা নিয়ম না মেনে গাড়ি চালানোয় এ যানজট তীব্র আকার ধারণ করেছে। তবে বিকেলের পরে যানজট অনেকটা কমে আসে। দাউদকান্দি (কুমিল্লা): মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে কুমিল্লা সেনানিবাস এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে আটকা পড়ে কয়েক হাজার গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে ছিলেন যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে যানজট শুরু হয়। আজ শনিবার সন্ধ্যা সাতটার পরে যানজট কমে যায়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ, যানবাহনের চালক ও যাত্রীরা জানান, টানা হরতালের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের বাইপাস সড়ক দিয়ে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি টোলপ্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়তে থাকে। আজ বেলা ১১টায় এ যানজট মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কুমিল্লা সেনানিবাস এলাকা পর্যন্ত পৌঁছেছে। পরে সন্ধ্যা সাতটার দিকে যানজট কমে যায়।