যানজটে স্থবির নগর চরম দুর্ভোগে মানুষ
‘এভাবে রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি পালন করতে চাইলে সরকার দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করলেই পারে। তাহলে তো আর আমাদের এত দুর্ভোগ পোহাতে হয় না।’গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় ফার্মগেটে যানজটে আটকা পড়া রাইসুল ইসলাম এই কথা বলে ক্ষোভ প্রকাশ করেন এ প্রতিবেদকের কাছে। তিনি জানান, ফার্মগেটে বেলা একটায় বাসে উঠেছেন গুলিস্তানে যাওয়ার জন্য। সাড়ে তিনটায়ও ফার্মগেট পার হয়নি বাসটি।রাইসুলের মতো রাজধানীর হাজার হাজার মানুষকে গতকাল একই দুর্ভোগ পোহাতে হয়েছে। একে তো প্রচণ্ড গরম, তার সঙ্গে ভয়াবহ যানজটে স্থবির নগর। সব মিলিয়ে রাজধানীবাসীর জন্য গতকালের দিনটি ছিল চরম দুর্ভোগের। আওয়ামী লীগের ৭ মার্চের গণশোভাযাত্রা ও সমাবেশের কারণে এই অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়।ভুক্তভোগীরা জানান, গতকাল সকাল থেকেই দুর্ভোগের সূচনা হয়। জরুরি প্রয়োজনে বা কর্মস্থলে যেতে যাঁরাই ঘর থেকে বের হয়েছেন, তাঁদের পোহাতে হয়েছে অসহনীয় দুর্ভোগ। সকালে-দুপুরে এই কষ্টের পর বিকেলে ঘরফেরত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। যানবাহনের অভাবে অফিসফেরত অনেকেই হেঁটে রওনা হন গন্তব্যে। কেবল চাকরিজীবীরাই নন, স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সবাইকে ভোগান্তিতে পড়তে হয়েছে।সাধারণ মানুষের দুর্ভোগের বার্তা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগের ডিজিটাল মাধ্যম ফেসবুকেও। আবুল হাসনাত নামের একজন লিখেছেন, ‘আজ পাবলিকরে কষ্ট দিল সরকারি দল, চার দিন পর দেবে বিরোধী দল।’ আরেকজন লিখেছেন, ‘এত দুর্ভোগের পরও আমাদের রাজনীতিবিদেরা বলবেন তাঁরা আমাদের মঙ্গলের জন্যই রাজনীতি করেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য বেলা ১১টায় উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন জেসমিন জাহান। কিন্তু ফার্মগেটে পৌঁছাতেই তাঁর লেগেছে আড়াই ঘণ্টা। জেসমিন প্রথম আলোকে বলেন, শুধু সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত আসতেই তাঁর দেড় ঘণ্টা লেগেছে। রাস্তার অবস্থা দেখে তিনি বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বাসায় ফিরে গেছেন।মতিঝিল আইডিয়াল কলেজের ছাত্রী আকলিমা জানান, পরীক্ষা শেষে পরিবাগের বাসায় ফেরার পথে গতকাল দুপুরে তিনি রমনা পার্ক-সংলগ্ন রোডে সিএনজিচালিত অটোরিকশায় প্রায় দেড় ঘণ্টা বসে ছিলেন।দিনভরই যানজটে স্থবির ছিল বিমানবন্দর সড়ক, মিরপুর রোড, গুলিস্তান, মতিঝিল, পুরানা পল্টন, বিজয়নগর, নয়াপল্টন, ফকিরাপুল, প্রেসক্লাব, ঢাকা মেডিকেল কলেজ ও আশপাশের এলাকা। এসব এলাকার গলিপথগুলোও ছিল অবরুদ্ধ।যানজটে নগরবাসীর যখন নাকাল অবস্থা, তখন পুলিশ ব্যস্ত ছিল ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলাগুলো থেকে আসা ক্ষমতাসীন দলের মিছিল নিয়ে। বেলা আড়াইটায় সায়েন্স ল্যাবরেটরির মোড়ে গিয়ে দেখা গেছে, শত শত গাড়ি আটকে আছে। পুলিশ গাড়ি বন্ধ রেখে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলগুলো শাহবাগের দিকে পাঠাতে ব্যস্ত। এ কারণে তখন ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় সব গাড়ি থেমে ছিল। বিকেলের দিকে অবস্থা আরও খারাপ হয়।বিকেলের অনুষ্ঠানের তোড়জোড় সকালেই: ৭ মার্চ উপলক্ষে বিকেল তিনটায় প্রধানমন্ত্রীর গণশোভাযাত্রা উদ্বোধন করার কথা। কিন্তু সকাল থেকেই ওই এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর শাহবাগ মোড় এবং সুপ্রিম কোর্ট-সংলগ্ন মৎস্য ভবন মোড়ের দুই দিকে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে প্রথমে শাহবাগ ও মৎস্য ভবনের আশপাশের সড়ক থেকে যানজট ছড়িয়ে পড়ে অন্যান্য সড়কে।অনুষ্ঠানস্থলে আসার জন্য সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের গাড়িবহর ও মিছিল স্থানীয় সড়কগুলো আবদ্ধ করে ফেলে। এ ছাড়া ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এবং জেলাগুলো থেকে ট্রাক-বাস মিছিল, হাতি ও ঘোড়া মিছিল রমনা পার্ক এলাকায় আসতে শুরু করলে যানজট ভয়াবহ রূপ নেয়। এর ফলে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গাবতলী, কাকলীসহ রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ ও আশপাশের এলাকায় যানজট তীব্র হয়ে ওঠে।দুপুর ১২টার দিকে মিরপুরের শেওড়াপাড়ায় দেখা যায়, সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে গণশোভাযাত্রায় যোগ দিতে যাওয়া কর্মীদের জন্য।মেট্রো সার্ভিসের একটি বাস সকাল নয়টায় সাভার থেকে ছেড়ে বেলা দেড়টায় মতিঝিলে পৌঁছায়। চালক জানান, সরকারি দলের নেতা-কর্মীদের বহন করা বাস-ট্রাকের বিরাট বহরের কারণে রাস্তা প্রায় স্থবির ছিল।সন্ধ্যায় ক্ষমতাসীন দলের গণশোভাযাত্রা শিখা চিরন্তন থেকে শাহবাগ, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়। ফলে রাত পর্যন্ত এসব এলাকায় যানজট ছিল।