যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশের কারণে আজ বুধবার রাজধানী ঢাকায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। ঢাকাজুড়ে তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ নগরবাসী। আজ বেলা দুইটায় পল্টন ময়দানের এ বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহাসমাবেশের কারণে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের সঙ্গে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। পুরান ঢাকার সঙ্গে রাজধানীর অন্যান্য এলাকার যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে গেছে। সরেজমিনে মগবাজার, মালিবাগ, মৌচাক এলাকা ও খিলগাঁও ঘুরে দেখা গেছে, এসব এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। মহাসমাবেশে আগত নেতা-কর্মীদের বহনকারী বাসগুলো রমনা এলাকা, মত্স্য ভবন ও তত্সংলগ্ন এলাকায় এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখায় এসব এলাকায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।