যানজটের কারণে উত্তরাঞ্চলে পত্রিকা পৌঁছাচ্ছে দেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে বগুড়া, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় দুই সপ্তাহ ধরে সময়মতো প্রথম আলোসহ জাতীয় দৈনিকগুলো পৌঁছাচ্ছে না। পত্রিকাবাহী গাড়িগুলো আটকা পড়ায় এসব এলাকায় দুই থেকে চার ঘণ্টা পরে পত্রিকা যাচ্ছে। ভোরে পত্রিকা না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন এজেন্টরা। দেরিতে পত্রিকা সরবরাহ করতে গিয়ে অনেক হকারকে গ্রাহকদের গালমন্দ শুনতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক দিন ধরে তীব্র যানজটের শিকার হচ্ছে বিভিন্ন পরিবহন।পরিবহনের চালকেরা বলেছেন, কয়েক দিন টানা বৃষ্টি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা খারাপ হওয়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মির্জাপুর হয়ে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ জটের সৃষ্টি হচ্ছে। টাঙ্গাইলের বাইপাস, এলেঙ্গা, হাঁটুভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা স্থির হয়ে দাঁড়িয়ে থাকছে। এ পথে কয়েক দিনে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনাও ঘটেছে। ফলে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। এজেন্টরা বলেছেন, মূলত এই মহাসড়কের জটের কারণেই বগুড়া, রংপুর ও রাজশাহীতে ঠিক সময়ে পত্রিকা পৌঁছাচ্ছে না।বগুড়ার হকারেরা বলেছেন, কয়েক দিন ধরে সংবাদপত্রবাহী গাড়িগুলো উত্তরাঞ্চলের জেলাগুলোতে নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা পরে পৌঁছাচ্ছে। দেরিতে পৌঁছানোর কারণে এজেন্টরা পত্রিকা বিতরণ করতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়ছেন। বিলম্বে পৌঁছানোর কারণে গত সোমবার বগুড়ার হকারেরা জাতীয় সংবাদপত্র বিতরণ করেননি বলে তাঁরা জানান।অন্যদিকে, রংপুরেও একই ধরনের খবর পাওয়া গেছে। রংপুর জেলা মোটর মালিক সমিতি সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো রংপুরে পৌঁছাতে আগে সময় লাগত প্রায় ছয় ঘণ্টা। গত ১৫ দিনে ১০-১১ ঘণ্টা লেগে যাচ্ছে। সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, দিনরাতে টাঙ্গাইল এলাকায় জট লেগে থাকার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।রাজশাহীর এজেন্ট ও হকারেরা জানিয়েছেন, যানজট ও দুর্ঘটনার কারণে ১০-১২ দিন ধরে তাঁরা দেরিতে পত্রিকা পাচ্ছেন। ঢাকা থেকে নির্দিষ্ট সময় রাজশাহীর উদ্দেশে পত্রিকা পাঠালেও পৌঁছাতে ৯টা থেকে ১০টা বেজে যাচ্ছে।রাজশাহীর বিভিন্ন এজেন্ট অফিসে ভোরে গিয়ে এজেন্ট ও হকারদের বসে থাকতে দেখা গেছে। হকারেরা বলছেন, যে সময় তাঁদের পত্রিকা বিলি করে বাসায় চলে যাওয়ার কথা, সেই সময় পত্রিকার গাড়ি আসছে। একজন হকার বলেন, দেরিতে পত্রিকা নিয়ে গ্রাহককে দিতে গেলে অনেক গ্রাহক মুখের ওপর পত্রিকা ছুড়ে মারছেন। বিল দিতে ঝামেলা করছেন।