যানজটের চিত্র স্থাপত্যশিল্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটে থমকে আছে যানবাহন। কোনো যানই আর সামনে এগোচ্ছে না। গরম আর ভিড়ের চাপে বিরক্তি সীমা ছাড়িয়ে গেছে। যানজটের এই ফাঁকে অবশ্য গাড়িচালক তাঁর চোখ দুটি এক করার সুযোগ পেলেন। যাত্রীদের কেউ কেউ নেমে হাঁটতে শুরু করলেন। ভাবছেন, এ আর নতুন কী? এটি তো ঢাকা নগরের প্রতিদিনের সাধারণ দৃশ্য। নতুনত্ব হলো এই দৃশ্যটি নগরের রাস্তায় নয়, ফুটে উঠেছে শিল্পীর স্থাপত্যশিল্পে। ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে শিল্পী সুলেখা চৌধুরীর ‘ঢাকা ট্রাফিক: দ্য সিটি ক্যান নট ওয়েট’ নামে একক স্থাপত্যশিল্প প্রদর্শনীতে ঢাকার যানজটের প্রায় সবগুলো দিক উঠে এসেছে।দোতলার প্রদর্শনীকক্ষে পৌঁছাতে হবে সিঁড়ির ধাপ বেয়ে। সিঁড়ির একপাশজুড়ে তৈরি করা হয়েছে ঢাকার রাজপথের অনুকৃতি। পথের পাশে গড়ে উঠেছে বহুতল ভবন। অপরিকল্পিত এসব ভবনের সামনে আবার গাড়ি রাখা। এ অবস্থায় যানবাহন এগিয়ে চলছে। কেউ কোনো নিয়ম মানছে না। যেখানে সেখানে গাড়ি থামানো হচ্ছে। কেউ দৌড়ে পাড়ি দিচ্ছেন রাস্তা। এ রকম নানা কারণে সৃষ্টি হচ্ছে যানজট। যানজটের এসব চিত্রই উঠে এসেছে এখানে। সিঁড়ির ধাপগুলো শেষ। কিন্তু যানজটের স্থাপত্যশিল্পের এখনো ঢের বাকি। প্রদর্শনীকক্ষে আরও প্রশস্ত সড়কজুড়ে যানজটের শিল্পকর্ম দেখা গেল। নগরের রাজপথ ও কয়েকটি সড়কের মোড়ের যানজটের স্থাপত্যকর্ম সহজেই দৃষ্টি আকর্ষণ করে। স্থাপত্যশিল্পের পাশাপাশি রয়েছে অ্যাক্রেলিকে আঁকা কয়েকটি চিত্র। এগুলোর কোনোটিতে দেখা গেছে, ট্রাফিক সংকেতে থমকে থাকা যানবাহন। কোনো কোনো যান আবার উড়ে যাচ্ছে। কেউ রাগে মাথার চুল ছিঁড়ছেন।নগর পরিকল্পনাবিদ সালমা সফি বলেন, ‘শিল্পীর এই কাজটি অনেক ভালো হয়েছে। একটি শিল্পকর্মের মাধ্যমেও যদি আমাদের বোধোদয় হয় তাহলেই হলো।’ ঢাকা শহরের যানজটের কারণ আর এখন কারও অজানা নয়। কিছু মানুষের অসচেতনতা, অবহেলা আর কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে পারায় যানজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সময়োপযোগী এ বিষয়কে বেছে নিয়েছেন সুলেখা চৌধুরী। শিল্পী বলেন, ‘যানজটের প্রতিদিনের ভাবনাগুলোরই একটা অংশ এই স্থাপত্যশিল্প। বাস্তব ও কাল্পনিক অনুভূতিকে আমি চেষ্টা করেছি আমার শিল্পকর্মে উপস্থাপন করতে।’যানজটের এই স্থাপত্যশিল্পের প্রদর্শনী চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে এ প্রদর্শনী। তবে শুক্র ও শনিবার গ্যালারি বন্ধ থাকবে। যানজটের স্থাপত্যশিল্পের সঙ্গে আপনার ভাবনার কতটুকু মিল রয়েছে তা দেখতে হলে একটু আগেভাগেই রওনা দিন। বলা তো যায় না, যানজটে আটকা পড়ে সময়মতো পৌঁছাতে পারেন কিনা।